আটলান্টিক মহাসাগরে চলাচলরত একটি আন্তর্জাতিক সমুদ্রভ্রমণ জাহাজে সন্দেহজনক হান্টাভাইরাস সংক্রমণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মৃতদের মধ্যে একজন জার্মান নাগরিক এবং নেদারল্যান্ডসের এক দম্পতি রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
অসুস্থদের মধ্যে জাহাজের দুইজন ক্রু সদস্য রয়েছেন—যাদের একজন ব্রিটিশ এবং অন্যজন ডাচ নাগরিক। তারা এখনও জাহাজেই অবস্থান করছেন। এছাড়া এক ব্রিটিশ পর্যটককে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোট ১৪৮ জন যাত্রী ও ক্রু সদস্য বহনকারী জাহাজটি আর্জেন্টিনা থেকে কেপ ভার্দের দিকে যাত্রা করছিল। যাত্রাপথেই কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। জাহাজটিতে মোট ২৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
জাহাজ পরিচালনাকারী নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বর্তমানে একটি “গুরুতর চিকিৎসা পরিস্থিতি” মোকাবিলা করছে এবং আক্রান্তদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।
বর্তমানে জাহাজটি কেপ ভার্দের রাজধানী প্রাইয়ার উপকূলের বাইরে নোঙর করে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে যাত্রীদের তীরে নামার অনুমতি দেয়নি। তাদের আশঙ্কা, সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস একটি ইঁদুরবাহিত ভাইরাস, যা মানুষের ফুসফুস বা কিডনিকে গুরুতরভাবে আক্রান্ত করতে পারে। এ ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই। চিকিৎসা মূলত সহায়ক ব্যবস্থার ওপর নির্ভর করে, যেখানে গুরুতর রোগীদের ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসে সহায়তা দেওয়া হয়।
এই ঘটনার পর আন্তর্জাতিক সমুদ্রভ্রমণ খাতে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে

