TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে কর্মক্ষেত্রে বর্ণবাদের শিকার ৪৫ শতাংশ সংখ্যালঘু কর্মী

ব্রিটেনে বসবাসকারী জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের মধ্যে কর্মক্ষেত্রে বর্ণবাদ ও বৈষম্যের অভিজ্ঞতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, গত এক বছরে দেশটির ৪৫ শতাংশ জাতিগত সংখ্যালঘু কর্মী কর্মক্ষেত্রে বর্ণবাদের শিকার হয়েছেন। একই সঙ্গে ৫৬ শতাংশ কর্মী মনে করেন, বৈষম্যের অভিযোগ জানালে মানবসম্পদ বিভাগ বা এইচআর তাদের উদ্বেগকে যথাযথ গুরুত্ব দেবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২ হাজার ৫০৬ জন ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালিত জরিপে কর্মক্ষেত্রসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে জাতিগত ও ধর্মীয় বৈষম্যের চিত্র উঠে এসেছে।

জরিপে আরও দেখা গেছে, ব্রিটেনের পাঁচটি বৃহত্তম জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ৭৫ শতাংশ উত্তরদাতা গত এক বছরে বর্ণবাদ অথবা ধর্মীয় পরিচয়ের কারণে অন্যায্য আচরণের শিকার হয়েছেন।

বৈষম্যের শিকার মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও এর বড় ধরনের প্রভাব পড়ছে। জরিপ অনুযায়ী, আক্রান্তদের প্রায় তিন-চতুর্থাংশ জানিয়েছেন, এসব অভিজ্ঞতা তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে। প্রায় অর্ধেক মানুষ সব সময় সতর্ক বা নিরাপত্তাহীন বোধ করেন। তবে এত নেতিবাচক অভিজ্ঞতার পরও মাত্র ৫ শতাংশ পেশাদার সহায়তা নিয়েছেন।

জরিপে বৈষম্য বৃদ্ধির পেছনে রাজনৈতিক বক্তব্য, অভিবাসনবিরোধী বিক্ষোভ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকার কথাও উঠে এসেছে। উত্তরদাতাদের ৪২ শতাংশ মনে করেন, অভিবাসনবিরোধী বিক্ষোভের সঙ্গে তাদের বৈষম্যের অভিজ্ঞতার সম্পর্ক রয়েছে। ৫৭ শতাংশ নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বা কনটেন্ট দেখতে পান। অন্যদিকে, ৪৬ শতাংশ জানিয়েছেন, রাজনীতিবিদদের অভিবাসীদের জাতীয় সমস্যার জন্য দায়ী করতে তারা প্রতি সপ্তাহেই শুনতে পান।

এ বিষয়ে রেস ইকুয়ালিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাবির বাট বলেন, জরিপের ফলাফল দেখিয়ে দিচ্ছে যে দৈনন্দিন জীবনের বর্ণবাদ এবং বিষাক্ত জনবক্তব্য কীভাবে সমাজে স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে।

তিনি মনে করেন, বর্ণবাদের সমাধান শুধু আক্রান্ত ব্যক্তিদের আরও সহনশীল হওয়ার পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বরং বৈষম্যের মূল কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

৩০০ পাউন্ডের ডাম্পস্টার ঘর! লন্ডনের ভাড়া সংকটে স্থপতির ব্যতিক্রমী পদক্ষেপ

নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া অভিবাসীদের সংখ্যায় ভারতীয়রা দ্বিতীয়

রাজনীতিবিদ পদত্যাগের পর ফিরছেন সাংবাদিকতায়