14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ব্যাংক বদলানোর বিনিময়ে ২৪০ পাউন্ডঃ যেভাবে পাবেন নগদ অর্থ

ব্রিটেনে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের মাধ্যমে ২৪০ পাউন্ড নগদ পাওয়ার সুযোগ দিচ্ছে স্যান্টান্ডার। তবে এই অফারের জন্য আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে আজ, ৭ অক্টোবর দুপুর ২টায়। নতুন ও বিদ্যমান—উভয় ধরনের গ্রাহক নির্দিষ্ট শর্ত পূরণ করে স্যান্টান্ডারের ‘এভরিডে কারেন্ট অ্যাকাউন্ট’-এ পরিবর্তন করলে এই নগদ অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।
দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৪০ পাউন্ড পেতে হলে প্রথমে স্যান্টান্ডারের নিয়মিত সঞ্চয় হিসাব খুলতে হবে। ওই হিসাবে কমপক্ষে ২০০ পাউন্ড জমা দিতে হবে। এই সঞ্চয় হিসাবে প্রথম ১২ মাসে ৮ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ১২ মাসের পর সুদের হার কমে ৩ শতাংশ হবে। প্রতি মাসে সর্বোচ্চ ২০০ পাউন্ড পর্যন্ত সঞ্চয় করা যাবে।
অফারের শর্ত অনুযায়ী, নতুন স্যান্টান্ডার কারেন্ট অ্যাকাউন্টে অন্তত ১ হাজার ৫০০ পাউন্ড জমা দিতে হবে। এই অর্থ একবারে অথবা কয়েক ধাপে জমা দেওয়া যাবে।
এ ছাড়া নতুন অ্যাকাউন্টে কমপক্ষে দুটি সক্রিয় ডাইরেক্ট ডেবিট থাকতে হবে। এর মধ্যে কাউন্সিল ট্যাক্স, মোবাইল ফোন, ব্রডব্যান্ড, টেলিভিশন প্যাকেজ, বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের মতো নিয়মিত পরিশোধ অন্তর্ভুক্ত হতে পারে।
পুরো ব্যাংক পরিবর্তন প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। এর জন্য কারেন্ট অ্যাকাউন্ট সুইচ সার্ভিস বা সিএএসএস ব্যবহার করে আগের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। এই সেবা বিনামূল্যে এবং সাধারণত সাত দিনের মধ্যে পুরোনো অ্যাকাউন্টের ব্যালান্স ও নিয়মিত পেমেন্ট নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করে।
২৪০ পাউন্ডের অফার পেতে হলে গ্রাহককে যুক্তরাজ্যের বাসিন্দা হতে হবে এবং স্যান্টান্ডার গ্রুপের বাইরে অন্য কোনো ব্যাংক থেকে অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে। তবে স্যান্টান্ডার, ক্যাহুট ও ক্যাটার অ্যালেন থেকে পরিবর্তন করলে এই অফার প্রযোজ্য হবে না।
এ ছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি স্যান্টান্ডারে কারেন্ট অ্যাকাউন্ট থাকা যাবে না। একই সঙ্গে অতীতে স্যান্টান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের নগদ বোনাস নিয়ে থাকলেও এই অফারের জন্য যোগ্য হওয়া যাবে না।
স্যান্টান্ডার আবেদন শুরু করার ৬০ দিন পর গ্রাহক সব শর্ত পূরণ করেছেন কি না তা যাচাই করবে। যোগ্যতা নিশ্চিত হওয়ার পর পরবর্তী ৩০ দিনের মধ্যে ২৪০ পাউন্ড সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। অর্থাৎ আজ আবেদন করে সব শর্ত পূরণ করলে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অর্থ পাওয়ার কথা।
এদিকে স্যান্টান্ডারের পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য ব্যাংকও অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য নগদ অর্থের অফার দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বার্কলেজ ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করলে ৩০০ পাউন্ড পর্যন্ত দিচ্ছে। তবে এর জন্য কমপক্ষে ২ হাজার পাউন্ড বেতন জমা এবং তিনটি ডাইরেক্ট ডেবিটসহ সিএএসএস-এর মাধ্যমে পরিবর্তন করতে হবে।
এ ছাড়া এইচএসবিসি ২২০ পাউন্ড এবং ন্যাটওয়েস্ট ও লয়েডস ব্যাংক ২০০ পাউন্ড পর্যন্ত নগদ দেওয়ার অফার করছে। তবে ব্যাংক পরিবর্তনের আগে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সব শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ দ্য সান
এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অবৈধ কর্মী নিয়োগে ৪৫ হাজার পাউন্ড জরিমানাঃ বাতিল রেস্টুরেন্ট লাইসেন্স

আজ আদালতে যাচ্ছেন না প্রিন্স হ্যারি

যুক্তরাজ্য-আর্জেন্টিনার ফকল্যান্ডের তেল নিয়ে সংঘাতঃ ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে অভিযান