TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ১৮ বছরের পুরনো রেস্তোরাঁ বন্ধঃ লিজ বাতিল করে দখল নিলেন বাড়ির মালিক

যুক্তরাজ্যের বার্কশায়ারের ওকিংহ্যামে দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করা জনপ্রিয় রেস্তোরাঁ ‘দ্য টারমারিন্ড ট্রি’ বন্ধ হয়ে গেছে। বাড়ির মালিক লিজ বাতিল করে প্রিমিসেসের দখল ফিরিয়ে নেওয়ার পর গত ২৬ অক্টোবর রেস্তোরাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ওকিংহ্যামের পিচ স্ট্রিটে অবস্থিত রেস্তোরাঁটির প্রবেশপথে গত ২৬ অক্টোবর উচ্ছেদ ও দখল পুনরুদ্ধারসংক্রান্ত একটি নোটিশ টাঙানো হয়। এতে জানানো হয়, বাড়ির মালিক রেস্তোরাঁটির লিজ বাতিল করে সম্পত্তির দখল পুনরায় গ্রহণ করেছেন।

লিভারপুলভিত্তিক ঋণ আদায়কারী প্রতিষ্ঠান লুপারেভিল লিমিটেড বাড়ির মালিকের অনুমোদিত প্রতিনিধি হিসেবে নোটিশটি জারি করে। নোটিশে বলা হয়, লিজের শর্ত অনুযায়ী তাদের প্রতিনিধিরা ওই দিন প্রিমিসেসে পুনরায় প্রবেশ করেছেন এবং এর মাধ্যমে লিজের অবসান ঘটানো হয়েছে।

একই সঙ্গে রেস্তোরাঁর মালিকপক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের পুনরায় ওই প্রিমিসেসে প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়। অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে দেওয়ানি অথবা ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

২০০৬ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করেছিল দ্য টারমারিন্ড ট্রি। প্রায় দুই দশক ধরে রেস্তোরাঁটি ওকিংহ্যামের স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত একটি খাবারের প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছিল। দক্ষিণ ভারতের জনপ্রিয় তেঁতুল ফলের নাম অনুসারেই রেস্তোরাঁটির নামকরণ করা হয়।

প্রতিষ্ঠানটির ইতিহাসে চলতি বছর একটি শোকাবহ ঘটনাও ঘটে। গত জানুয়ারিতে রেস্তোরাঁটির সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সহমালিক কাউস মিয়া ৫২ বছর বয়সে স্বল্পকালীন অসুস্থতার পর মারা যান। কোম্পানি হাউসের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে সাদিক মিয়ার নাম রয়েছে।

দীর্ঘদিন ধরে রেস্তোরাঁটির খাবারের মান, বৈচিত্র্যময় মেনু এবং কর্মীদের আন্তরিক সেবার প্রশংসা করে আসছিলেন গ্রাহকরা। অনলাইন পর্যালোচনাতেও প্রতিষ্ঠানটি সম্পর্কে ইতিবাচক মতামত পাওয়া গেছে। ফলে স্থানীয় এলাকায় রেস্তোরাঁটির পরিচিতি ও নিয়মিত গ্রাহক তৈরি হয়েছিল।

তবে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বাড়ির মালিকের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরোধের বিস্তারিত জানতে সংবাদমাধ্যম দ্য নিউজ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো বক্তব্য পায়নি।

এদিকে ১৮ বছরের বেশি সময় ধরে পরিচালিত একটি পরিচিত রেস্তোরাঁর এভাবে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় গ্রাহকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে লিজ বাতিলের কারণ, ব্যবসার ভবিষ্যৎ এবং এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অবস্থান নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য নিউজ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থঃ ৭৬ বছরের এক ব্যক্তি গ্রেপ্তার

২০৩০ সালের মধ্যে ১ কোটি কর্মীকে এআই দক্ষতায় প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যে হালাল কাবাবের নামে ভয়ংকর খাদ্য জালিয়াতি নিয়ে তোলপাড়