একজন শরনার্থীকে ব্রিটেন হতে আফ্রিকার এক ছোটদেশে পাঠানোর ঘটনায় নতুন মোড় নিয়েছে। শ্রীলঙ্কার তামিল শরণার্থীকে আফ্রিকার দেশ এসওয়াতিনিতে পাঠানো হয়। সেই শরনার্থী সেখানে আত্মহত্যা করেন বলে জানা যায়। ৩৫ বছর বয়সী কিশান্ত পেরামালিয়ার মৃত্যুর পর বিবিসির অনুসন্ধানে সামনে এসেছে, তাকে এসওয়াতিনিতে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে ব্রিটিশ সরকার গোপনে একটি চুক্তির পরিকল্পনা করেছিল। অথচ এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট কিংবা এসওয়াতিনি সরকারের জনগণকে কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে।
কিশান্ত পেরামালিয়া একজন শ্রীলঙ্কান তামিল শরণার্থী। ২০২১ সালে ভারতে থেকে নৌকায় করে কানাডায় যাওয়ার পথে ভারত মহাসাগরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী তাদের উদ্ধার করে। পরে তাকে অন্য অভিবাসীদের সঙ্গে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থানকালে তার মানসিক স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটে। কিশান্তের দাবি ছিল, কিশোর বয়সে শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের হাতে নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। এ কারণে তিনি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছিলেন। ডিয়েগো গার্সিয়ায় অবস্থানকালে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন তিনি।
২০২৪ সালে ডিয়েগো গার্সিয়ায় অবস্থানরত ৬১ জন অভিবাসীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হলেও কিশান্তকে সেই সুযোগ দেওয়া হয়নি। দ্বীপটিতে অবস্থানকালে যৌন নিপীড়ন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে গ্রহণে অস্বীকৃতি জানায়। পরবর্তী সময়ে ব্রিটিশ আদালতও সরকারের ওই সিদ্ধান্ত বহাল রাখেন।
২০২৬ সালের মার্চে প্রথমে তাকে ৩০ দিনের জন্য মালদ্বীপে পাঠানো হয়। এরপর দক্ষিণ আফ্রিকার ছোট দেশ এসওয়াতিনিতে স্থানান্তর করা হয়। দেশটি আগে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এসওয়াতিনির সঙ্গে কিশান্তের আগে কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ দেশটিতে আত্মহত্যা করেন তিনি। তার পরিবারের অভিযোগ, তাকে একটি নির্জন অতিথিশালায় একা রাখা হয়েছিল। সেখানে পাঠানো এবং ওই দেশে অবস্থান করতে তিনি রাজি ছিলেন না।
বিবিসির অনুসন্ধানে পাওয়া একটি খসড়া চুক্তিতে দেখা গেছে, এসওয়াতিনিতে কিশান্তের আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তার ব্যয় তিন বছর পর্যন্ত বহন করার প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশ সরকার। পাশাপাশি তাকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছিল।
তবে এই চুক্তি বা পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট কিংবা এসওয়াতিনির জনগণকে অবহিত করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, নিজ দেশে ফেরত না পাঠিয়ে অন্য একটি দেশে একজন শরণার্থীকে জোরপূর্বক স্থায়ীভাবে পুনর্বাসনের এমন ঘটনা এই প্রথম জানা গেল। বিষয়টি ব্রিটেনের শরণার্থী নীতি, মানবাধিকার এবং তৃতীয় দেশে অভিবাসীদের স্থানান্তরের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
সূত্রঃ বিবিসি
এমকে

