TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার জিতলেন ব্রিটিশ-পাকিস্তানি লেখক মেহের ইকবাল

যুক্তরাজ্যের ২০২৬ সালের ‘ফোর্থ রাইট’ ছোটগল্প পুরস্কার জিতেছেন ব্রিটিশ-পাকিস্তানি লেখক মেহের ইকবাল। ‘ডার্করুম’ শিরোনামের একটি গল্পের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। গল্পটিতে কৈশোরে দুই কিশোরীর বন্ধুত্ব, আবেগ, ঈর্ষা ও বিশ্বাসভঙ্গের বিষয় তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

পুরস্কার হিসেবে মেহের ইকবাল পাচ্ছেন ১ হাজার পাউন্ড, দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে তার গল্প প্রকাশের সুযোগ এবং প্রকাশনা সংস্থা ফোর্থ এস্টেটে এক দিনের কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

‘ডার্করুম’ গল্পের কেন্দ্রীয় চরিত্র জারা ও নাদিয়া। কৈশোরের নানা আনন্দ, চ্যালেঞ্জ ও আবেগের মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব কীভাবে এগিয়ে যায়, তা গল্পে তুলে ধরেছেন লেখক।

বিচারকদের মতে, গল্পটিতে কৈশোরের আবেগ, মেয়েদের বন্ধুত্বের গভীরতা, প্রথম ভালো লাগা, ঈর্ষা এবং বাইরের মানুষের কারণে তৈরি হওয়া বিশ্বাসভঙ্গের বিষয়গুলো সংবেদনশীল ও জীবন্তভাবে ফুটে উঠেছে।

মেহের ইকবাল এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও এই প্রতিযোগিতার দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিলেন। এবার তৃতীয়বারের চেষ্টায় তিনি পুরস্কারটি জিতে নিলেন। গত বছর তিনি লন্ডন রাইটার্স অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।

‘ফোর্থ রাইট’ পুরস্কারটি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী সংখ্যালঘু লেখকদের অপ্রকাশিত ছোটগল্পের জন্য প্রতিবছর আয়োজন করা হয়। দ্য গার্ডিয়ানের সহযোগিতায় প্রকাশনা সংস্থা ফোর্থ এস্টেট এই পুরস্কার পরিচালনা করে।

এ বছর প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন সাহিত্য প্রতিনিধি এমা প্যাটারসন, লেখক কামিলা শামসি, গুরনেইক জোহাল, চান্টে জোসেফ ও সানাম মাহলুদজি এবং ফোর্থ এস্টেটের প্রকাশনা পরিচালক কিশানি উইদিয়ারত্না।

এদিকে ড্যারেন চ্যানের ‘লাভ বাইট’ গল্পটি বিশেষ প্রশংসা পেয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত তালিকায় আরও ছিল ক্লেমেন্টাইন ওলোদারস্কির ‘আই অনলি মাগ গার্লস’, ওপে আদেদেজির ‘ওমুগও’, দিয়া নায়ারের ‘মিন্টি ফ্রেশ’ এবং স্বেতলানা চিগোজি ওনিয়ের ‘লন্ডন ২০৬০’।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্কুলগুলোতে নারী বিদ্বেষ ও বর্ণবাদের উত্থানঃ শিক্ষকদের হুঁশিয়ারি

ব্রিটেনে ব্লু ব্যাজ পাওয়ার যোগ্য ১৯ শ্রেণির মানুষঃ স্বয়ংক্রিয়ভাবে পাবেন ৬ শ্রেণি

প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হতে পারেন মাইকেল গভ

অনলাইন ডেস্ক