TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বছরে ১ লাখ তরুণকে ভিসা দিতে পারে ব্রিটেন

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করার উদ্যোগের অংশ হিসেবে বছরে প্রায় ১ লাখ তরুণ ইউরোপীয় নাগরিককে ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ব্রিটেন। এ নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা চলছে। আগামী ২০ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন দুই পক্ষের আলোচকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য আই পেপার ও দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত যুব চলাচল কর্মসূচির আওতায় ৩০ বছরের কম বয়সী ইউরোপীয় নাগরিকদের নির্দিষ্ট সময়ের জন্য ব্রিটেনে বসবাস, কাজ, পড়াশোনা ও ভ্রমণের সুযোগ দেওয়া হতে পারে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বছরে ভিসার সংখ্যা ১ লাখের নিচে রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। এ ক্ষেত্রে ৫০ হাজার থেকে ৮০ হাজার ভিসা দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে। ১ লাখের সীমাকে রাজনৈতিক ও জনমত বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ সংখ্যা হিসেবে দেখা হচ্ছে।

তবে এই সমঝোতা শুধু তরুণদের ভিসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। খাদ্য ও পানীয় বাণিজ্যে স্বাস্থ্য ও নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা (এসপিএস) সহজ করা এবং কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা (ইটিএস) নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ও বৃহত্তর আলোচনার অংশ।

আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মতপার্থক্যের একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি। ইউরোপীয় ইউনিয়ন চাইছে, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ইইউ শিক্ষার্থীরা দেশটির স্থানীয় শিক্ষার্থীদের সমপরিমাণ ফি দেওয়ার সুযোগ পাক। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সাধারণত বেশি টিউশন ফি নির্ধারিত থাকে।

অন্যদিকে, ব্রিটিশ সরকার এ প্রস্তাব নিয়ে আপত্তি জানাচ্ছে। কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া উচ্চ টিউশন ফির ওপর দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে নির্ভরশীল।

এ ছাড়া পাল্টাপাল্টি কাজের অধিকার নিশ্চিত করা নিয়েও জটিলতা রয়েছে। ইউরোপীয় তরুণদের ব্রিটেনে কাজের সুযোগ দেওয়ার বিনিময়ে ব্রিটিশ তরুণদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কাজের অধিকার নিশ্চিত করতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য দেশের নিজস্ব শ্রমবাজার ও কাজের অনুমতিসংক্রান্ত নিয়ম রয়েছে। এসব নিয়ম সরাসরি নিয়ন্ত্রণ করে না ইউরোপীয় কমিশন। ফলে পারস্পরিক কাজের অধিকার নিশ্চিত করতে আলাদা সমঝোতার প্রয়োজন হতে পারে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্রেক্সিটের পর ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের মধ্যে চলাচল, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে ভিসার সংখ্যা, বয়সসীমা, অবস্থানের মেয়াদ এবং কাজের শর্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

সূত্রঃ দ্য আই পেপার ও দ্য টাইমস

এমকে

আরো পড়ুন

ব্রিটেনে এআইয়ের ব্যবহার বাড়িয়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করছে বার্কলেজ ব্যাংক

ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর—সহিংস ও যৌন অপরাধের হটস্পট উন্মোচিত

নিউজ ডেস্ক

‘পুরুষাঙ্গ ছোট, যৌনসম্পর্কেও অক্ষম’—দাবি করেও রেহাই পেলেন না ইরানি আশ্রয়প্রার্থীঃ ব্রিটেনে ১১ বছরের জেল