TV3 BANGLA
আন্তর্জাতিক

মুসলিমদের চেয়ে কুকুর ভালো মন্তব্যঃ আমেরিকান কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইনের পদত্যাগ দাবি

ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান রেন্ডি ফাইন 0মুসলিমদের চেয়ে কুকুরকে বেছে নেওয়ার মন্তব্য করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া তার ওই মন্তব্যের পর ডেমোক্র্যাট অধিকার সংগঠন তার পদত্যাগ দাবি করেছে।

 

রোববার এক্সে ফাইন লেখেন, “যদি আমাদের বেছে নিতে বাধ্য করা হয়, তাহলে কুকুর আর মুসলিমদের মধ্যে নির্বাচন কঠিন নয়।” মন্তব্যটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

পরে তিনি ফিলিস্তিনপন্থী সংগঠন উইথ ইন আওয়ার লাইফটাইমের সহ-প্রতিষ্ঠাতা নারডিন কিসওয়ানির একটি পোস্টের ছবি শেয়ার করেন। ওই পোস্টে কিসওয়ানি কুকুরকে “অপবিত্র” উল্লেখ করে লিখেছিলেন, “নিউইয়র্ক সিটি ইসলামমুখী হচ্ছে।” তবে এনবিসি নিউজকে দেওয়া এক ইমেইলে কিসওয়ানি দাবি করেন, মন্তব্যটি ছিল ব্যঙ্গাত্মক এবং স্থানীয় একটি আলোচনাকে ঘিরে করা।

ফাইন তার পরবর্তী পোস্টে দাবি করেন, কিসওয়ানি এমন একটি মুসলিম গোষ্ঠীর নেতাদের একজন, যারা নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানিকে সমর্থন করেছে। এ বক্তব্যও নতুন করে বিতর্ক উসকে দেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামি নাগরিক অধিকার সংগঠন কেয়ার এক বিবৃতিতে ফাইনের পদত্যাগ দাবি করে। সংগঠনটি জানায়, গাজা ও হামাস ইস্যুতে ফাইনের অতীত মন্তব্যও বিতর্কিত ছিল এবং কংগ্রেসের উভয় দলের নেতাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস ফাইনকে “ইসলামবিদ্বেষী ও ঘৃণ্য কট্টরপন্থী” আখ্যা দিয়ে বলেন, রিপাবলিকান নেতৃত্বের নীরবতা অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করেন, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ ও সহিংসতা বাড়ছে এবং এমন মন্তব্য পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসোম এক্সে সরাসরি ফাইনের পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়া ও ইসামিন আনসারি হাউস স্পিকার মাইক জনসনকে ফাইনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমালোচনার জবাবে ফাইন রক্ষণশীল টেলিভিশন চ্যানেল নিউজম্যাক্সে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বক্তব্যে অনড় থাকার কথা জানান। তিনি বলেন, তার পোস্ট ছিল “এক মুসলিম নেতার মন্তব্যের প্রতিক্রিয়া” এবং তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না। তিনি একাধিকবার কুকুরের ছবি পোস্ট করে সমর্থকদের প্রতি বার্তা দেন।

উল্লেখ্য, ফাইন ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত এবং গাজা যুদ্ধ নিয়ে অতীতেও তার বক্তব্য বিতর্ক তৈরি করেছিল। গত বছর হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের “অনাহারে থাকতে দেওয়া উচিত” বলে মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়েন।

এনবিসি নিউজের মন্তব্য চাওয়ার পরও ফাইন ও স্পিকার জনসনের দপ্তর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং কংগ্রেসে এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সূত্রঃ এনবিসি নিউজ

এম.কে

আরো পড়ুন

প্লাস্টিক বর্জ্য থেকে প্যারাসিটামলঃ ব্রিটিশ বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

চীনে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন, ঝুঁকিতে ভারত ও বাংলাদেশ!

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য পিটিশনে সই করেছে ৯ হাজার ইসরায়েলি