15.2 C
London
September 8, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য ইউনিভার্সাল ক্রেডিটে বড় পরিবর্তন, আগস্ট থেকে হাজারো পরিবার পাবে নতুন সুবিধা

যুক্তরাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণদের ভাতানির্ভর জীবন থেকে কর্মমুখী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগস্ট মাস থেকে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধাভোগী পরিবারগুলোর জন্য চালু হচ্ছে একাধিক নতুন সুবিধা। এর আওতায় যেসব পরিবারের সন্তান শিক্ষানবিশ কর্মসূচিতে অংশ নেবে, তাদের অভিভাবকদের জন্য সাড়ে চার হাজার পাউন্ড পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, কর্ম ও পেনশন বিভাগের ভাতা পাওয়া মা-বাবারা এই অনুদানের আওতায় আসবেন। পাশাপাশি আগামী ১ আগস্ট থেকে যোগ্য ২৫ বছরের কম বয়সী সব তরুণ-তরুণীর জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি তরুণ দক্ষতা অর্জন করে কর্মসংস্থানে যুক্ত হবে এবং দীর্ঘমেয়াদে সরকারি ভাতার ওপর নির্ভরশীলতা কমবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচি বৃহত্তর দক্ষতা উন্নয়ন পরিকল্পনার অংশ। নতুন সংস্কারের মাধ্যমে বর্তমান সংসদীয় মেয়াদ শেষ হওয়ার আগেই ৫০ হাজার নতুন তরুণ শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন শিক্ষানবিশ নিয়োগে নিয়োগদাতাদের জন্যও অতিরিক্ত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, এই কর্মসূচির অর্থায়ন করা হবে ২০২৬ সালের মে মাসে ঘোষিত দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি তহবিলে অতিরিক্ত একশ কোটি পাউন্ড বিনিয়োগ থেকে। তবে প্রত্যেক পরিবার ঠিক কত অর্থ পাবে, তার চূড়ান্ত পরিমাণ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে পরিচর্যাকারীদের নিয়ে কাজ করা একটি জাতীয় দাতব্য সংস্থা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, অনেক তরুণ পরিচর্যাকারী একই সঙ্গে পরিবার, পড়াশোনা ও কাজের দায়িত্ব পালন করেন। বিশেষ করে যারা নিজেরাও প্রতিবন্ধকতার সঙ্গে বসবাস করছেন, তাদের জন্য আর্থিক বাধা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নতুন এই অনুদান সেই বাধা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবসম্পদ ও দক্ষতা উন্নয়ন খাতের বিশেষজ্ঞরাও সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তাদের মতে, কোনো তরুণ যেন পারিবারিক আর্থিক ক্ষতির আশঙ্কায় শিক্ষানবিশ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতেই এই সহায়তা কার্যকর হবে। এর ফলে আরও বেশি তরুণ প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব কর্মঅভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, আর নিয়োগদাতারাও দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগে উপকৃত হবেন।

বিশ্লেষকদের মতে, ইউনিভার্সাল ক্রেডিটে সরকারি ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরকার এখন কর্মসংস্থানভিত্তিক কল্যাণনীতি বাস্তবায়নের দিকে জোর দিচ্ছে। নতুন এই উদ্যোগ তরুণদের কর্মবাজারে প্রবেশ সহজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদে সরকারি ভাতার ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এম.কে

আরো পড়ুন

ব্রিটিশদের জীবনযাত্রার মান সবচেয়ে বড় পতনের সম্মুখীন

ইংল্যান্ডে চ্যানেল পাড়ি দেওয়া থামেনি, কেয়ার-ম্যাক্রোঁ চুক্তির দিনে বহু নৌকা আটক

ব্রেক্সিটের কারণে ইইউ দেশগুলোতে ভ্রমণে আসবে নানা পরিবর্তন

অনলাইন ডেস্ক