অবৈধভাবে দেশে প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন রিফর্ম পার্টির শীর্ষ নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে তার দলের নীতিগত অবস্থান তুলে ধরে বিষয়টিকে “জাতীয় জরুরি পরিস্থিতি” হিসেবে ঘোষণা করার দাবি জানান।
তার বক্তব্য অনুযায়ী, যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদের আটক করে পরবর্তীতে বহিষ্কার করা হবে এবং কোনোভাবেই তাদের অবাধে চলাফেরা করতে দেওয়া হবে না। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকির কারণেই নয়, বরং এটি একটি সামাজিক সংকট হিসেবেও দেখা উচিত।
নারী নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তিনি দাবি করেন, নিয়মিত বিরতিতে ভয়াবহ যৌন সহিংসতার ঘটনা ঘটছে, যার জন্য তিনি অবৈধ অভিবাসীদের একটি অংশকে দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বের কিছু অঞ্চলের তরুণদের সঙ্গে ব্রিটিশ সমাজের মূল্যবোধের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য রয়েছে, যা এই ধরনের অপরাধের পেছনে ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
এ প্রেক্ষাপটে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং তার দল ক্ষমতায় এলে এই সমস্যার স্থায়ী সমাধান করবে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসন ও নিরাপত্তা ইস্যুতে এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ ধরনের বক্তব্যকে ঘিরে উদ্বেগ প্রকাশ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

