যুক্তরাজ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয় নগরী অক্সফোর্ডে বাসভাড়ার অস্বাভাবিক উচ্চহার শিক্ষার্থীদের জীবনকে ক্রমশ কঠিন করে তুলছে। একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে, অনেক শিক্ষার্থী দুপুরের খাবার বাদ দিচ্ছে, অতিরিক্ত কাজ করছে এবং পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে।
সিটিজেনস অক্সফোর্ডের পরিচালিত জরিপে ৭,৫০০ বাসিন্দার মতামত বিশ্লেষণ করে দেখা গেছে, অভিভাবকদের ৭০ শতাংশ বাসভাড়াকে ‘অত্যধিক ব্যয়বহুল’ বলে মনে করেন। প্রতিবেদনে বলা হয়েছে, যাতায়াত খরচের কারণে একই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার বৈষম্য তৈরি হচ্ছে।
বিশেষ করে শহরের প্রান্তিক এলাকা ও নিম্নআয়ের পরিবারের সন্তানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেকে খরচ কমাতে হেঁটে স্কুলে যাচ্ছে বা খাবার বাদ দিচ্ছে, যা তাদের শারীরিক স্বাস্থ্য ও শিক্ষাগত অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
শিক্ষাবিদ ও সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গণপরিবহন না থাকলে শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক অংশগ্রহণ ব্যাহত হচ্ছে। তাঁরা অবিলম্বে কম ভাড়ায় বাস সুবিধা চালুর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, বাস অপারেটররা বিদ্যমান ছাড় কর্মসূচির কথা উল্লেখ করে সেবার মান বজায় রাখতে ব্যয় নির্বাহের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারও বিভিন্ন ভর্তুকি ও ছাড় প্রকল্প চালু থাকার কথা জানিয়েছে।
প্রতিবেদনে স্কুলশিক্ষার্থীদের জন্য আরও কম ভাড়া, সম্প্রসারিত ছাড় এবং সহজলভ্য পরিবহন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। যাতে আর্থিক সামর্থ্য কোনো শিক্ষার্থীর শিক্ষার অধিকারে বাধা হয়ে না দাঁড়ায়।
এই পরিস্থিতি অক্সফোর্ডের মতো শিক্ষা নগরীর জন্য উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা।
সূত্রঃ বিবিসি
এম.কে

