TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কর্মী ছাঁটাইয়ের মধ্যেই মরিসন্সে এআই স্মার্ট ট্রলির পরীক্ষা, ক্ষোভে ফুঁসছেন কর্মীরা

যুক্তরাজ্যের অন্যতম সুপারমার্কেট চেইন মরিসন্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রলি পরীক্ষামূলকভাবে চালু করেছে। তবে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মধ্যেই এই উদ্যোগ নেওয়ায় প্রতিষ্ঠানটির কর্মী ও ক্রেতাদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

মরিসন্স প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্টাকার্ট-এর সঙ্গে যৌথভাবে একটি শাখায় তিন মাসের পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ৩০টি ‘ক্যাপার কার্ট’ চালু করেছে। এসব স্মার্ট ট্রলিতে বিল্ট-ইন ক্যামেরা, সেন্সর, ফল ও সবজি ওজনের জন্য ডিজিটাল স্কেল এবং একটি টাচস্ক্রিন রয়েছে, যেখানে কেনাকাটার সময়ই মোট বিলের পরিমাণ দেখা যায়।

এই প্রযুক্তির মাধ্যমে ক্রেতারা দোকানে ঘুরে ঘুরে পণ্য সরাসরি ট্রলিতে রাখতে পারবেন। কেনাকাটা শেষে ট্রলির স্ক্রিনে প্রদর্শিত বারকোড স্ক্যান করেই চেকআউট সম্পন্ন করা যাবে, ফলে প্রচলিত পদ্ধতির তুলনায় কেনাকাটা আরও দ্রুত ও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই প্রযুক্তি পরীক্ষার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নিজেকে মরিসন্সের একজন কর্মী পরিচয় দিয়ে একজন মন্তব্য করেন, পর্যাপ্ত কর্মী না থাকায় তাকে একাই পুরো শিফটে দায়িত্ব পালন করতে হয়। তার প্রশ্ন, কর্মী সংকট দূর করার পরিবর্তে এআই প্রযুক্তিতে বিনিয়োগ কেন প্রতিষ্ঠানের অগ্রাধিকার পাচ্ছে?

আরেকজন ক্রেতা বলেন, একটি ভালো সুপারমার্কেটের জন্য সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত সংখ্যক কর্মী, সঠিকভাবে পণ্য সাজানো তাক এবং সচল রেফ্রিজারেশন ব্যবস্থা। তার মতে, এআই প্রযুক্তির চেয়ে এসব মৌলিক সেবাই গ্রাহকদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

মরিসন্সের প্রধান নির্বাহী রামি বাইতিয়েহ ব্যয় কমানোর অংশ হিসেবে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক কাজ স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছেন। এর ফলে প্রধান কার্যালয়ের প্রায় ২০০টি পদ ঝুঁকির মুখে পড়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটি ব্যয় সংকোচনের অংশ হিসেবে ৫২টি ক্যাফে, ১৮টি ‘মার্কেট কিচেন’ ক্যান্টিন, ১৩টি ফুলের দোকান, ৩৫টি মাংস বিক্রয় কাউন্টার এবং ৩৫টি মাছ বিক্রয় কাউন্টার বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এসব পদক্ষেপের কারণে আরও ৩৬৫টি চাকরি ঝুঁকিতে রয়েছে।

এর পাশাপাশি লোকসান হওয়া প্রায় ১০০টি কনভিনিয়েন্স স্টোর—যার বেশিরভাগই সাবেক ম্যাককলস শাখা—বন্ধ করার পরিকল্পনাও নিয়েছে মরিসন্স।

তবে সমালোচনার জবাবে মরিসন্সের এক মুখপাত্র বলেন, এটি কেবল একটি শাখায় সীমিত পরিসরে পরিচালিত পরীক্ষামূলক প্রকল্প। তিনি জানান, সম্প্রতি সুপারমার্কেটের কর্মীদের জন্য নতুন বেতন চুক্তি করা হয়েছে এবং স্টোর রক্ষণাবেক্ষণের বাজেটও দ্বিগুণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, খুচরা বিক্রয় খাতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়লেও কর্মসংস্থান, সেবার মান এবং প্রযুক্তির ভারসাম্য বজায় রাখা ভবিষ্যতে সুপারমার্কেটগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সূত্রঃ মিরর

এম.কে

আরো পড়ুন

নিজ দেশে চাপে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো, ভারতে খুলছে শাখা ক্যাম্পাস

বেনিফিট নিলে বাতিল হবে স্থায়ী থাকার অধিকার, টোরিদের নতুন বিতর্কিত অভিবাসন নীতি

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামরিক সংঘাত চায় ডিপ স্টেটঃ তুলসী গ্যাবার্ড