জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এবং সাম্প্রতিক তাপপ্রবাহের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে জাতীয় টেলিভিশনে জরুরি জলবায়ু ব্রিফিং আয়োজনের দাবি জোরালো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের এমপি, লর্ডস সদস্য ও আঞ্চলিক আইনপ্রণেতারা সরকারের প্রতি জনগণকে জলবায়ু ও জীববৈচিত্র্য সংকটের বাস্তবতা সম্পর্কে সরাসরি অবহিত করার আহ্বান জানিয়েছেন।
“পিপলস ইমার্জেন্সি ব্রিফিং” শীর্ষক ৫০ মিনিটের একটি প্রামাণ্যচিত্রে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে। উপস্থাপক ও পরিবেশবাদী ক্রিস প্যাকহাম সঞ্চালিত এ চলচ্চিত্রে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রিচার্ড নুজি জলবায়ু বিপর্যয়কে সমাজের জন্য সবচেয়ে গভীর ও দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে বর্ণনা করেন।
এ পর্যন্ত ৯১ জন আইনপ্রণেতা সরকারকে প্রাইম-টাইমে টেলিভিশনে একটি আনুষ্ঠানিক জরুরি ব্রিফিং আয়োজনের আহ্বান জানিয়ে সমর্থন দিয়েছেন। তাদের মতে, জনগণকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং অভিযোজন ও প্রশমন পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা এখন সময়ের দাবি।
সরকার জানিয়েছে, জলবায়ুর অবস্থা নিয়ে বার্ষিক বিবৃতি প্রদানের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং এ বছরের শেষ দিকে পরবর্তী বিবৃতি উপস্থাপন করা হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় বর্তমান প্রস্তুতি যথেষ্ট নয়; এজন্য অতিরিক্ত বিনিয়োগ ও দ্রুত নীতিগত পদক্ষেপ প্রয়োজন।
ইতোমধ্যে দেশজুড়ে দুই হাজারের বেশি কমিউনিটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বা নির্ধারিত রয়েছে। আয়োজকদের আশা, এ উদ্যোগ জলবায়ু সংকট সম্পর্কে জনসচেতনতা বাড়াবে এবং সরকার ও নাগরিকদের সমন্বিত পদক্ষেপে উৎসাহিত করবে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

