TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে তরুণদের জন্য চাকরির বাজারে ভয়াবহ সংকটঃ হাজার আবেদনেও মিলছে না কাজ

যুক্তরাজ্যে তরুণ প্রজন্মের জন্য চাকরির বাজার ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি, ভালো ফলাফল এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরও চাকরি পাচ্ছেন না অনেক তরুণ। হাজার হাজার চাকরিতে আবেদন করেও মিলছে না কাঙ্ক্ষিত সুযোগ। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ অপেক্ষা, বারবার প্রত্যাখ্যান, অভিজ্ঞতার অভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার তরুণদের কর্মজীবন শুরু করার পথ আরও সংকুচিত করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে চার তরুণের চাকরি খোঁজার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তাদের প্রত্যেকের গল্পে উঠে এসেছে হতাশা, অনিশ্চয়তা এবং কর্মজীবন শুরু করতে না পারার মানসিক চাপ। প্রতিবেদনটির শিরোনামে একজন তরুণের অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়েছে, ‘সামাজিক চুক্তি ভেঙে গেছে’।

২৫ বছর বয়সী আমির লন্ডনের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক এবং মিডিয়া স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গত বছর পড়াশোনা শেষ করার পর থেকে তার হিসাবে এক হাজারেরও বেশি চাকরিতে আবেদন করেছেন। কিন্তু স্থায়ী কোনো চাকরি পাননি।

একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে অস্থায়ী ডিজিটাল প্রকাশনা বিভাগে কাজের সুযোগ পেলেও কয়েক মাস পর চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। বর্তমানে তিনি পূর্ব লন্ডনে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন এবং ইউনিভার্সাল ক্রেডিট বা সরকারি ভাতা নিয়ে জীবনযাপন করছেন।

আমির বলেন, তিনি সরকারি ভাতার ওপর নির্ভরশীল থাকতে চান না। নিজের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত একটি প্রাথমিক পর্যায়ের চাকরি চান, কিন্তু এখন পর্যন্ত তা সম্ভব হয়নি।

চাকরির সাক্ষাৎকারে দক্ষতা বাড়াতে তিনি সরকারের রিস্টার্ট কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজের জীবনবৃত্তান্ত শক্তিশালী করতে গুগলের বিনামূল্যের বিভিন্ন প্রশিক্ষণও সম্পন্ন করছেন।

তার ভাষায়, সবকিছু ঠিকভাবে করার পরও ব্যর্থ হতে হচ্ছে। ব্রিটেনে তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে সামাজিক চুক্তি ভেঙে গেছে বলে মনে করেন তিনি। তরুণরা কেন কাজ করছে না, তা নিয়ে আলোচনা হলেও নিয়োগদাতারা কেন প্রাথমিক পর্যায়ের চাকরির সুযোগ সীমিত করছেন, সেই প্রশ্ন খুব কমই উঠছে।

২৪ বছর বয়সী অ্যালিসের শিক্ষাগত যোগ্যতা অনেকের কাছেই ঈর্ষণীয়। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু এত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এখনো স্থায়ী চাকরি পাননি।

২০২৪ সালে পড়াশোনা শেষ করার পর ইউরোপ ভ্রমণের খরচ জোগাতে ছয় মাস হোটেল ও আতিথেয়তা খাতে কাজ করেছিলেন। এরপর ব্রিস্টলে নিজের বাড়িতে ফিরে কর্মজীবন শুরু করার পরিকল্পনা করেন। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও চাকরি না পাওয়ায় এখনো বাবা-মায়ের আর্থিক সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে তাকে।

প্রকাশনা, জাদুঘর, ঐতিহ্য সংরক্ষণ প্রতিষ্ঠান, সরকারি চাকরি এবং খুচরা বিক্রয় খাতসহ বিভিন্ন জায়গায় আবেদন করেছেন তিনি। প্রায় ৫০টি চাকরির জন্য নিজের যোগ্যতা অনুযায়ী আলাদা করে আবেদনপত্র তৈরি করেছেন। পাঁচবার সাক্ষাৎকারের পর্যায়েও পৌঁছেছেন।

একটি দাতব্য প্রতিষ্ঠানে ছয় মাস স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পরও সেখানে দুটি বেতনভুক্ত পদে নিয়োগ পাননি। অন্য একটি প্রতিষ্ঠানে ডেপুটি ম্যানেজার পদে চূড়ান্ত পর্যায়ে গিয়েও দ্বিতীয় অবস্থানে থেকে বাদ পড়েন।

চাকরি না পাওয়ার কারণে তার মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে। রাতে ঘুমাতে না পারা, কান্না এবং ভবিষ্যৎ নিয়ে হতাশার কথা জানিয়েছেন তিনি।

অ্যালিস বলেন, তার ধারণা ছিল পড়াশোনা শেষে একটি সাধারণ অফিসের চাকরি করবেন, অন্য শহরে থাকবেন এবং স্বাভাবিক জীবন শুরু করবেন। কিন্তু বাস্তবে নিজেকে আটকে পড়া অবস্থায় মনে হচ্ছে।

এক্সেটারের ২০ বছর বয়সী লিয়াম স্কুল ছাড়ার পর উদ্যানতত্ত্ব ও ভূমি এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তার লক্ষ্য ছিল বাগান পরিচর্যা, ল্যান্ডস্কেপিং কিংবা সবুজ পরিবেশ রক্ষণাবেক্ষণ খাতে ক্যারিয়ার গড়া।

কিন্তু গত দুই বছর ধরে আবেদন, প্রত্যাখ্যান এবং স্বল্পমেয়াদি চাকরির মধ্যেই আটকে আছেন তিনি।

একজন নিয়োগদাতা পরীক্ষামূলক কাজের পর তাকে অভিজ্ঞতার অভাবের কথা জানিয়ে বাদ দেন। আরেকটি প্রতিষ্ঠানে মাত্র ছয় শিফট কাজ করার পর ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে তাকে আর রাখা হয়নি।

লিয়াম বলেন, নিয়োগদাতারা সব সময় অভিজ্ঞতা চান। অথচ যাদের অভিজ্ঞতা নেই, তাদের সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে না। আগে কর্মক্ষেত্রেই নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হতো, এখন নিয়োগদাতারা এমন কর্মী খুঁজছেন যারা আগে থেকেই সব কাজ জানেন।

লিয়াম অটিজমে আক্রান্ত। তার মতে, কিছু নিয়োগদাতা কর্মক্ষেত্রে তার প্রয়োজনীয় সহায়তা ও যুক্তিসংগত সুযোগ-সুবিধার বিষয়টি বুঝতে পারেন না। ফলে নিজের শারীরিক ও মানসিক প্রয়োজনের কথা জানালে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

বর্তমানে দুটি কমিউনিটি বাগানে সপ্তাহে দুই দিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। পাশাপাশি প্রতিবন্ধী ও স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তার জন্য সরকারের ‘কানেক্ট টু ওয়ার্ক’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তার মতে, স্বেচ্ছাসেবী কাজ তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে এবং কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নিতে সাহায্য করছে।

২১ বছর বয়সী পিটার কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন লেস্টার বিশ্ববিদ্যালয়ে। গণিত, পদার্থবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সে এ-লেভেলে ভালো ফলাফল এবং বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণির ডিগ্রি অর্জন করেও চাকরি পাচ্ছেন না তিনি।

এপ্রিল মাসে পড়াশোনা শেষ করার পর লন্ডনের বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির আবেদন শুরু করেন। কিন্তু একাধিক প্রতিষ্ঠানে মূল্যায়ন পর্যায়ে পৌঁছালেও কোনো সাক্ষাৎকারের সুযোগ পাননি।

পিটারের মতে, কয়েক বছর আগেও কম্পিউটার সায়েন্সকে উচ্চ বেতনের সম্ভাবনাময় পেশা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে এই বিষয়ে ডিগ্রিধারীর সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা অনেক বেশি।

চাকরির সুযোগ কমে যাওয়ার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবকেও বড় কারণ হিসেবে দেখছেন তিনি।

পিটারের ভাষায়, এআইয়ের সহায়তায় একজন স্নাতক কর্মী যদি ১০ জনের সমপরিমাণ কাজ করতে পারেন, তাহলে কোনো প্রতিষ্ঠান কেন ১০ জন নতুন কর্মী নিয়োগ করবে? একজন প্রোগ্রামার এখন আগের তুলনায় অনেক বেশি কাজ করতে সক্ষম।

এ পর্যন্ত ৫০টির বেশি চাকরিতে আবেদন করেছেন তিনি। তবে মেইডস্টোনে তার বসবাসের এলাকায় স্নাতক পর্যায়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি না থাকায় এবং ম্যানচেস্টার বা এডিনবরার মতো শহরে গিয়ে থাকার আর্থিক সামর্থ্য না থাকায় সংকটে পড়েছেন।

চাকরির অভিজ্ঞতা না থাকাকেও নিজের বড় দুর্বলতা হিসেবে দেখছেন পিটার। এখন সুপারমার্কেট ও রেস্তোরাঁয় প্রাথমিক পর্যায়ের চাকরির আবেদন করছেন। পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের জন্য দাতব্য প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী হওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি সপ্তাহে দুই দিন একটি বারে কাজের সুযোগ পেয়েছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে, উচ্চশিক্ষিত তরুণদের একটি অংশ নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। কেউ সরকারি ভাতার ওপর নির্ভর করছেন, কেউ বাবা-মায়ের আর্থিক সহায়তায় জীবনযাপন করছেন, আবার কেউ স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছেন।

চাকরির বাজারে অভিজ্ঞতার চাহিদা, নিয়োগ প্রক্রিয়ার জটিলতা, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং এআইয়ের বিস্তার নতুন প্রজন্মের কর্মজীবন শুরুর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা চার তরুণের নাম পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে। তাদের অভিজ্ঞতা যুক্তরাজ্যের তরুণদের কর্মসংস্থান সংকটের মানবিক চিত্র তুলে ধরেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

প্রথম রোজায় টাইমস স্কয়ারে শত শত মুসলিমের জমায়েত

অনলাইন ডেস্ক

মাল্টি ইউনিট প্রপার্টির জন্য মর্গেজ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে কেয়ারকর্মীদের স্থায়ী বসবাসের সময়সীমা দ্বিগুণ করা ‘নিষ্ঠুর’, বলছেন অধিকারকর্মীরা