TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নিট অভিবাসন ২৯ বছরের সর্বনিম্ন পর্যায়েঃ এক বছরে কমেছে ৬২ শতাংশ

যুক্তরাজ্যে নিট অভিবাসন গত ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। করোনা মহামারির ব্যতিক্রমী সময় বাদ দিলে ১৯৯৭ সালের পর দেশটিতে এত কম নিট অভিবাসন আর দেখা যায়নি। ২০২৬ সালের জুনে শেষ হওয়া এক বছরে যুক্তরাজ্যে নিট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৭৭ হাজারে। আগের বছরের তুলনায় এই সংখ্যা কমেছে ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে শেষ হওয়া এক বছরে নিট অভিবাসনের পরিমাণ ছিল ২ লাখ ৪ হাজার। ২০২৩ সালে এই সংখ্যা সর্বোচ্চ ৯ লাখ ৪৪ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ ২০২৩ সালের সর্বোচ্চ অবস্থান থেকে নিট অভিবাসন ৯০ শতাংশের বেশি কমেছে।

ওএনএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে শেষ হওয়া এক বছরে প্রায় ৭ লাখ ৩৮ হাজার মানুষ যুক্তরাজ্যে এসেছেন। একই সময়ে দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন প্রায় ৬ লাখ ৬১ হাজার মানুষ। দুই সংখ্যার পার্থক্যই নিট অভিবাসন, যা দাঁড়িয়েছে ৭৭ হাজারে। ১৯৯৭ সালে এই সংখ্যা ছিল ৪৮ হাজার।

গত এক বছরে অভিবাসন কমার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা মানুষের সংখ্যা হ্রাস। কাজের ভিসা, শিক্ষার্থী ভিসা, পরিবারের সদস্যদের নিয়ে আসা এবং আশ্রয়ের আবেদন—সব ক্ষেত্রেই অনুমোদনের সংখ্যা কমেছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের অভিবাসন নীতিতে নেওয়া কঠোর পদক্ষেপের প্রভাবও পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে। গত বছর সরকার পরিচর্যা খাতের কর্মী এবং মধ্যম দক্ষতার কিছু পেশায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ সীমিত করে। পাশাপাশি শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়া স্থগিত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্পনসর করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বিধিনিষেধ বাড়ানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ এই পরিসংখ্যানকে সরকারের সফলতা হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, কনজারভেটিভ সরকার সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল এবং তাদের সময়ে নিট অভিবাসন প্রায় ১০ লাখে পৌঁছেছিল। বর্তমান সরকার সীমান্ত নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে এবং ব্রিটিশ জনগণের প্রত্যাশা পূরণ করেছে।

অন্যদিকে, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম বলেন, দেশ হিসেবে যুক্তরাজ্য অবশেষে সেই অবস্থানে পৌঁছাচ্ছে, যা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছে।

ভিসা অনুমোদনের ক্ষেত্রেও বড় পতন দেখা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অনুমোদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কমেছে। সংখ্যার হিসাবে কমেছে ৩৯ হাজার ২০০টি।

একই সময়ে স্বাস্থ্য ও পরিচর্যা খাতসহ দক্ষ কর্মীদের ভিসা এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের ভিসা অনুমোদনও ৩৮ শতাংশ কমেছে। এ ক্ষেত্রে কমেছে ২৬ হাজার ৩০০টি অনুমোদন।

পরিচর্যা খাতের ভিসা বন্ধের প্রভাবও উল্লেখযোগ্য। একসময় এই খাতে বছরে ১ লাখ ৮ হাজার ভিসা অনুমোদন দেওয়া হলেও গত বছর তা কমে মাত্র ১ হাজার ৪০০-তে নেমে এসেছে।

তবে নিট অভিবাসন কমার কৃতিত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস ফিলপ দাবি করেছেন, অভিবাসন কমার পেছনে মূল ভূমিকা ছিল সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারের নেওয়া বিধিনিষেধের। তিনি আরও কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ এবং সংসদের মাধ্যমে বাধ্যতামূলক বার্ষিক অভিবাসন সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির জ্যেষ্ঠ গবেষক বেন ব্রিন্ডল সতর্ক করে বলেছেন, আগামী বছর নিট অভিবাসন আরও কমতে পারে। তবে দক্ষ কর্মী ভিসায় অভিবাসন কমে যাওয়ায় যুক্তরাজ্যের অর্থনীতিতে আর্থিক প্রভাব পড়তে পারে। কারণ দক্ষ বিদেশি কর্মীদের সংখ্যা কমে গেলে কর ও সরকারি রাজস্বের ওপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার সংখ্যাও রেকর্ড শুরু হওয়ার পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে সরকারি ব্যবস্থাপনার বাইরে বেসরকারিভাবে পরিচালিত বাড়ি, ফ্ল্যাট ও শেয়ার করা আবাসনে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৯ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যাও গত বছরের তুলনায় ৩৯ শতাংশ কমেছে। ২০২৬ সালে এ পর্যন্ত ছোট নৌকায় ২৩ হাজার ৯৮৩ জন যুক্তরাজ্যে পৌঁছেছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

বাজেটের আগে ব্রিটেনে ক্যাপিটেল গেইন ট্যাক্স বাড়ানোর আলোচনা নিয়ে নতুন প্ল্যান

যুক্তরাজ্যে নতুন রেস্টুরেন্টে নেই কোনও টেবিল — খাবার দেওয়া হচ্ছে সোজা মেঝেতেই

লন্ডন পুলিশ প্রধানের পদত্যাগের দাবি

নিউজ ডেস্ক