19 C
London
August 30, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

রোমে কারিগরি ত্রুটিতে বিমানের ফ্লাইট বাতিলঃ শতাধিক যাত্রীরা দুর্ভোগে

রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। এতে রোমে আটকা পড়েছেন বিপুলসংখ্যক যাত্রী। পরিস্থিতি সামাল দিতে যাত্রীদের জন্য হোটেল, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আটকে পড়া প্রায় ১০০ যাত্রীকে ইতোমধ্যে রোমের বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে। অন্য যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ ও প্রবীণ যাত্রীদের পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিশেষ যত্নের ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। উড়োজাহাজটির মেরামতের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

কারিগরি ত্রুটির পর উড়োজাহাজটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশসহ বিমানের একটি প্রকৌশলী দল রোমে পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ৮ আগস্ট বিজি-৩০৫ ফ্লাইটে করে প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হয়।

বিমান কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, মেরামতের কাজ সফলভাবে শেষ হওয়ার পর প্রয়োজনীয় কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে বিজি-৩০৬ ফ্লাইটটি ৮ আগস্ট স্থানীয় সময় রাত ১০টার দিকে রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ফ্লাইটটি ৯ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ৭ আগস্ট রোম থেকে ঢাকার উদ্দেশে বিজি-৩০৬ ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি উড্ডয়ন করতে পারেনি।

একই উড়োজাহাজ দিয়ে ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইট পরিচালনার কথা থাকায় ওই ফ্লাইটের সময়সূচিও বিঘ্নিত হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

বিমান কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে রোমে হোটেল, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের নিয়মিত অবহিত করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উড়োজাহাজের মেরামত ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

সূত্রঃ বাসস

এম.কে

আরো পড়ুন

নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নিউজ ডেস্ক

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা