20.8 C
London
August 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ঈদুল আজহার উৎসব, হাজারো মানুষের মিলনমেলা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বার্ষিক ‘ঈদ অন দ্য স্কয়ার’ অনুষ্ঠান। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে অংশ নেন এই ঈদুল আজহা উৎসবে। বিভিন্ন ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় সম্প্রীতি ও বৈচিত্র্যের এক অনন্য মিলনমেলায়।

লন্ডনের মেয়রের উদ্যোগে আয়োজিত এই বিনামূল্যের অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয় বিভিন্ন খাবারের স্টল, শিল্পকর্ম প্রদর্শনী এবং মেয়েদের ফেন্সিং দলের বিশেষ প্রদর্শনী। শিশু, তরুণ ও পরিবারগুলোর অংশগ্রহণে পুরো স্কয়ারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের মূল মঞ্চে পরিবেশনা করেন ব্রিটিশ সংগীতশিল্পী খালেদ সিদ্দিক, ড্যানিশ র‌্যাপশিল্পী ইসাম বি এবং লন্ডন আরব অর্কেস্ট্রাসহ বিভিন্ন শিল্পী। তাদের পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও রেকর্ড করা এক ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান লন্ডনের মেয়র স্যার সাদিক খান। তিনি বলেন, “ধর্ম, বর্ণ কিংবা পটভূমি নির্বিশেষে সবাই এখানে স্বাগত।”

তার এই বার্তা উপস্থিত জনতার মধ্যে সম্প্রীতি, সহাবস্থান এবং পারস্পরিক সম্মানের মূল্যবোধকে আরও জোরালোভাবে তুলে ধরে।

আয়োজকরা জানান, ‘ঈদ অন দ্য স্কয়ার’ দীর্ঘদিন ধরেই লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ বহুসাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হলেও এটি সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের জন্য উন্মুক্ত রাখা হয়, যা লন্ডনের বৈচিত্র্য ও সামাজিক সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে গোপনে মোবাইল ট্র্যাকিং ঠেকাতে কঠোর পদক্ষেপঃ বিশেষ নম্বর লিজ বন্ধ করল কর্তৃপক্ষ

জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

পাউন্ডের পতন ব্রিটিশদের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যেসব প্রভাব ফেলবে