13.2 C
London
October 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের হেইসে এশীয় পরিবারের দুই কিশোর ভাইবোন নিখোঁজঃ পরিবারের গাড়ি নিয়ে উধাও

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের হেইস এলাকা থেকে এশীয় পরিবারের দুই কিশোর ভাইবোন নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। ১৬ বছর বয়সী মুকারমা এবং ১৪ বছর বয়সী মুহাম্মদ গত ১৭ আগস্ট ভোরে পরিবারের একটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করতে মেট্রোপলিটন পুলিশ ব্যাপকভাবে অনুসন্ধান চালাচ্ছে।

 

সোমবার সকালে বাবা-মা ঘুম থেকে উঠে দেখতে পান, দুই সন্তান তাদের বিছানায় নেই। সকাল ৯টা ২৮ মিনিটে পুলিশকে বিষয়টি জানানো হয়। একই সময়ে পরিবারের একটি গাড়িও নিখোঁজ বলে পুলিশকে জানানো হয়।

পুলিশের ধারণা, দুই কিশোর পরিবারের টয়োটা প্রিয়াস গাড়িটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়িটির নিবন্ধন নম্বর কেআর১০ এনটিএফ। স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ক্যামেরায় গাড়িটিকে জেরার্ডস ক্রসের এ-৪০ অক্সফোর্ড রোডে পশ্চিমমুখী অবস্থায় দেখা যায়। এরপর গাড়িটি বিকন্সফিল্ডের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

১৬ বছর বয়সী মুকারমার উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। তার গড়ন পাতলা এবং লম্বা কালো ঢেউখেলানো চুল রয়েছে। তিনি প্রায়ই চুল বেণি করে রাখেন। তার মুখের এক পাশে টোল রয়েছে এবং নিখোঁজের সময় তিনি হিজাব পরে থাকতে পারেন বলে পুলিশ জানিয়েছে।

১৪ বছর বয়সী মুহাম্মদের উচ্চতা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি। তার গড়ন পাতলা, কাঁধ পর্যন্ত লম্বা কালো চুল রয়েছে এবং তিনি সাধারণত চশমা পরেন।

তদন্তের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা সার্জেন্ট গ্যারি ওয়াকার দুই কিশোরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বয়স কম, দীর্ঘ সময় ধরে তারা নিখোঁজ এবং তারা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে থাকতে পারে—এসব কারণে পুলিশের উদ্বেগ আরও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, দুই কিশোর বর্তমানে যুক্তরাজ্যের যেকোনো স্থানে থাকতে পারে। এ কারণে তাদের ছবি ও পরিচয় প্রকাশ করে জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে কেউ যদি তাদের দেখে থাকেন অথবা তাদের কোনো ধরনের সহায়তা বা থাকার জায়গা দিয়ে থাকেন, তাহলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য কোনো তথ্যও মুকারমা ও মুহাম্মদকে খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কেউ তাদের দেখতে পেলে অথবা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে ৯৯৯ নম্বরে ফোন করে সিএডি ২১১৭/১৭ আগস্ট রেফারেন্স নম্বর উল্লেখ করতে বলা হয়েছে।

এ ছাড়া পরিচয় গোপন রেখে তথ্য দিতে চাইলে ক্রাইমস্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

সূত্রঃ মাই লন্ডন

এম.কে

আরো পড়ুন

দানবীয় ঝড় ধেয়ে আসছে যুক্তরাজ্যেঃ মেট অফিসের লাল সতর্কতা

সেলহার্স্ট স্টেশনের ট্রেনে সাপ!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়ে নতুন ঘটনাঃ হাল শহরে এইচএমও প্রকল্পে অপরাধ আশঙ্কা