TV3 BANGLA
আন্তর্জাতিক

সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুই গিনেস বিশ্ব রেকর্ড

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। নতুন এই স্বীকৃতির ফলে স্থাপনাটির গিনেস বিশ্ব রেকর্ডের সংখ্যা বেড়ে অন্তত পাঁচটিতে দাঁড়িয়েছে।

মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন সম্প্রতি ক্লক টাওয়ারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি সনদ গ্রহণ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।

পর্যবেক্ষণ ডেক থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়। অত্যন্ত উঁচুতে অবস্থিত হওয়ায় এখান থেকে শহরের স্থাপত্য, নগরজীবন ও আশপাশের এলাকার এক অনন্য দৃশ্য উপভোগ করতে পারেন দর্শনার্থীরা।

ক্লক টাওয়ারের জাদুঘরটি ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং সুবিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

জাদুঘরে সংরক্ষিত প্রদর্শনীগুলোর মাধ্যমে দর্শনার্থীরা জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের বিবর্তন ও ব্যবহার সম্পর্কে জানতে পারেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে মিলিমিটার পর্যন্ত নিখুঁত পরিমাপ করেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হলো এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।

৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ ২০১২ সালে সম্পন্ন হয়। পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবনের সমন্বয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ এই বিশাল স্থাপনা নির্মাণের কাজ করে।

টাওয়ারটির ঘড়ির ওপরে থাকা ৭১ মিটার উচ্চতার চূড়াসহ ভবনটির মোট উচ্চতা ৬০১ মিটার। এর চার পাশে রয়েছে একই আকারের চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়।

২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের বিশাল আকৃতির জন্য ক্লক টাওয়ারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায়। এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ডও ছিল এই স্থাপনাটির দখলে।

নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় ক্লক টাওয়ারের জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকসহ মোট গিনেস রেকর্ডের সংখ্যা অন্তত পাঁচটিতে পৌঁছেছে।

রয়্যাল কমিশন জানিয়েছে, এই স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টার প্রতিফলন। মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সূত্রঃ আরব নিউজ \ সৌদি গ্যাজেট

এমকে

আরো পড়ুন

লেবাননে ১০ মিনিটে ১৬০ বোমা নিক্ষেপ, যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলের ভয়াবহ হামলা

মার্কিন বাহিনীকে লক্ষ্য করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়াঃ ওয়াশিংটন পোস্ট রিপোর্ট

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কি প্রস্তুতি নিচ্ছে বিশ্বঃ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-জাপান ও ইউরোপে জরুরি সতর্কতা