11.8 C
London
October 16, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূসঃ যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার পর সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিরাপত্তা ও প্রটোকল দিয়েছে নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও নিউইয়র্কের কনস্যুলেট।

গণমাধ্যমে এসব তথ্য জানান নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মোজাম্মেল হক জানান, একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বার্তা পাঠান, যাতে মুহাম্মদ ইউনূসকে প্রটোকল ও নিরাপত্তা দেওয়া হয়। এরপর তিনি নিজেই গাড়ি চালিয়ে ইউনূস ও তার সফরসঙ্গীকে যুক্তরাষ্ট্রের অন্য একটি অঙ্গরাজ্যে পৌঁছে দেন।

তার ভাষ্য অনুযায়ী, ইউনূসকে গন্তব্যে পৌঁছে দিতে দুটি গাড়ি ব্যবহার করা হয়। একটি গাড়িতে ছিলেন কনস্যুলেটের ভাড়া করা নিরাপত্তাকর্মী ও প্রটোকলের দায়িত্বে থাকা ব্যক্তিরা।

সোমবার বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় মুহাম্মদ ইউনূসকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজনকে ইউনূসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিস্থিতির মধ্যে তার হুইলচেয়ার ঘুরিয়ে তাকে আবার টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজনকে তার পেছনে ছুটতে দেখা যায়।

ভিডিওতে একজনকে ইংরেজিতে চিৎকার করে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষ ও পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তুলতে শোনা যায়। একই সঙ্গে তার বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের অভিযোগও করেন ওই ব্যক্তি।

ঘটনার সময় মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

মোজাম্মেল হক বলেন, মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কে যাওয়ার বিষয়টি আগে থেকে কনস্যুলেটের জানা ছিল না। এ কারণে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো বা প্রয়োজনীয় প্রটোকল দেওয়ার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, আগমনের খবর জানা থাকলে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতিও নেওয়া যেত।

ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এর নিন্দা জানায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি যুক্তরাষ্ট্রের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য দেশটিতে বাংলাদেশের মিশনকে নির্দেশ দেওয়া হয়।

কনসাল জেনারেল জানান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও নিউ ইয়র্কের কনস্যুলেট যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে। কনস্যুলেটের পক্ষ থেকে নিউইয়র্কের অফিস অব ফরেন মিশনকেও অবহিত করা হয়েছে।

মোজাম্মেল হক বলেন, অফিস অব ফরেন মিশন বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও কূটনৈতিক পুলিশকে জানিয়েছে। বাংলাদেশ কনস্যুলেটও স্থানীয় পুলিশ ও কূটনৈতিক পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এবং ঘটনার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছে। কী ঘটেছিল এবং কারা এতে জড়িত ছিলেন, তা যাচাই করা হচ্ছে।

বাংলাদেশ মিশনের কাছে থাকা ঘটনার ফুটেজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানান মোজাম্মেল হক। যাদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের তথ্যও তদন্তের প্রয়োজনে সরবরাহ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ মিশন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছেও বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। মোজাম্মেল হকের ভাষ্য অনুযায়ী, তদন্তের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং সে ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া হবে।

ঘটনার তদন্ত ও পরবর্তী পদক্ষেপ এখন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল কিংবা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া \ বিডি নিউজ ২৪

এমকে

আরো পড়ুন

মুদ্রিত সংবাদপত্র পড়েন না ৭৩ শতাংশ, রেডিও শোনেন না ৯৪ শতাংশ মানুষ

এয়ার ভাইস মার্শাল একে খন্দকার আর নেই

বাংলাদেশের রেমিট্যান্স ছাড়াল ২৯ বিলিয়ন ডলার