ব্রিটেনের পশ্চিম ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্সে সড়কে গুরুতর হামলার শিকার হওয়ার চার দিন পর হাসপাতালে মারা গেছেন ৬২ বছর বয়সী হাজি আসগর আলী। এ ঘটনায় হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার অভিযোগে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর মঙ্গলবার হ্যালিফ্যাক্সের গিবেট স্ট্রিটে হাজি আসগর আলীর ওপর গুরুতর হামলার ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
চার দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (২১ নভেম্বর) হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় হ্যালিফ্যাক্সের বাসিন্দা ৩৫ বছর বয়সী আওয়াইস হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। হাজি আসগর আলীর ওপর হামলার ঘটনায় হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, হাজি আসগর আলীর মৃত্যুর বিষয়টি আগামী ১৭ ডিসেম্বর ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্টে অভিযুক্তের পরবর্তী শুনানিতে উত্থাপন করা হবে। ততদিন পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া এক পুলিশ কর্মকর্তাকে বর্ণবাদী বা ধর্মীয় বিদ্বেষমূলকভাবে হামলা, সম্পত্তি ধ্বংসের হুমকি, ভাঙচুর, বিদ্বেষমূলক হয়রানি, আতঙ্ক বা মানসিক অস্বস্তি সৃষ্টি এবং ক্লাস বি ও ক্লাস সি শ্রেণির মাদক রাখার অভিযোগও রয়েছে আওয়াইস হারুনের বিরুদ্ধে।
হাজি আসগর আলীর মৃত্যুর প্রকৃত পরিস্থিতি ও ঘটনার পেছনের কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্রঃ দ্য সান
এমকে

