সোমবার (১ জুন) থেকে ঢাকায় অভিবাসী ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার ঘোষণা দিয়েছে মার্কিন দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিবাসী ভিসার আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া দুই দিনের মধ্যে সম্পন্ন করা হবে।
রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই ব্যবস্থা ১ জুন থেকে কার্যকর হবে এবং এর আওতায় অভিবাসী ভিসা বিভাগের সব কার্যক্রম দুই দিনের প্রক্রিয়ায় পরিচালিত হবে। এর ফলে আবেদনকারীরা আগের তুলনায় দ্রুত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে আবেদনকারীদের দূতাবাসের ভিসা বিভাগের নির্দেশিকা এবং অভিবাসী ভিসা বিভাগ সম্পর্কিত তথ্য পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, অভিবাসী ভিসা কার্যক্রমে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রগামী আবেদনকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। বিশেষ করে পরিবারভিত্তিক ও অন্যান্য অভিবাসন শ্রেণির আবেদনকারীরা দ্রুততর সেবা পাওয়ার সুযোগ পাবেন।
তবে দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ সাপেক্ষেই এই দ্রুততর প্রক্রিয়ার সুবিধা পাওয়া যাবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে ভিসা আবেদন নিষ্পত্তির সময় কমিয়ে সেবার মান উন্নত করার পাশাপাশি আবেদনকারীদের ভোগান্তি কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
সূত্রঃ মার্কিন দূতাবাস
এম.কে

