ব্রিটেনে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া কিছু পরিবারকে স্বেচ্ছায় দেশ ছাড়ার বিনিময়ে সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির সরকার। এই প্রস্তাব গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিবারগুলোকে সাত দিন সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের জোরপূর্বক ব্রিটেন থেকে অপসারণ করা হতে পারে।
সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে আশ্রয়প্রার্থীদের আবাসন খাতে সরকারি ব্যয় কমানো এবং প্রত্যাখ্যাত আবেদনকারীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করা সম্ভব হবে।
তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, জোরপূর্বক অপসারণের পরিস্থিতি শিশুদের মধ্যে ভয় ও মানসিক চাপ তৈরি করতে পারে এবং তাদের মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের অভিবাসন আইন কার্যকর করা এবং প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের বিষয়ে নিয়ম প্রয়োগ করা জরুরি। অন্যদিকে, সমালোচকেরা বলছেন, অভিবাসন আইন কার্যকরের পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারগুলোর শিশুদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট
এমকে

