12.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আইনজীবী নয়ঃ চ্যাটজিপিটির পরামর্শেই ৩ বছরের পার্কিং মামলায় জয় পেলেন ব্রিটিশ ব্যক্তি

ব্রিটেনে পার্কিংয়ের ১০০ পাউন্ড জরিমানার বিরুদ্ধে টানা তিন বছর লড়াই করে শেষ পর্যন্ত জয় পেয়েছেন ৪৫ বছর বয়সী রাফাল গোরাল। নিজের আইনজীবী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটির সহায়তা নিয়ে তিনি এই লড়াই চালান। আদালতে মামলা গড়ানোর আগেই জরিমানা ও মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

ম্যানচেস্টার ইভনিং নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৪ আগস্ট কর্নওয়ালের নিউকেতে টাওয়ার রোডের একটি পার্কিং এলাকায় গাড়ি রাখেন রাফাল। তিনি জানান, পার্কিংয়ের ফি পরিশোধের মেশিনে দীর্ঘ লাইন ছিল এবং মেশিনটি কার্ডের মাধ্যমে অর্থ গ্রহণ করছিল না। ফলে তাকে রিংগো অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে পার্কিংয়ের টাকা দিতে হয়। দুর্বল নেটওয়ার্কের কারণে অ্যাকাউন্ট খুলতে কিছুটা সময় লেগেছিল।

প্রায় দুই সপ্তাহ পর স্মার্ট পার্কিং লিমিটেডের কাছ থেকে তিনি ১০০ পাউন্ড জরিমানার নোটিশ পান। নোটিশে বলা হয়, পার্কিং এলাকায় প্রবেশের ১৬ মিনিট পর তিনি ফি পরিশোধ করেছেন। রাফাল ওই জরিমানার বিরুদ্ধে আপিল করলেও পরবর্তী সময়ে ঋণ আদায়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে চিঠি পেতে থাকেন। একপর্যায়ে জরিমানার পরিমাণ বেড়ে ১৭০ পাউন্ড হয়।

রাফাল জানান, তিনি চ্যাটজিপিটিতে নিজের পাওয়া প্রতিটি চিঠি ও ইমেইল আপলোড করে কীভাবে জবাব দিতে হবে, সে বিষয়ে পরামর্শ নিতেন। এমনকি আদালতে জমা দেওয়ার জন্য নিজের পক্ষে প্রতিরক্ষামূলক বক্তব্যও চ্যাটজিপিটির সহায়তায় তৈরি করেন। পরে মামলার সম্ভাব্য শুনানির সময় জরিমানার পরিমাণ প্রায় ৩০০ পাউন্ডে পৌঁছায়।

২০২৫ সালের নভেম্বরে তিনি জানতে পারেন, মামলাটি ২০২৬ সালের অক্টোবরে আদালতে উঠতে পারে। স্মার্ট পার্কিং লিমিটেড জরিমানা কমিয়ে ৬০ পাউন্ডে নামিয়ে আনার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। অবশেষে ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর ইমেইলের মাধ্যমে তাকে জানানো হয়, মামলা ও জরিমানা—দুটিই প্রত্যাহার করা হয়েছে।

রাফাল বলেন, “শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি টাকার জন্য ছিল না। আমি টাকা দিতে পারতাম, কিন্তু বিষয়টি ছিল নীতির প্রশ্ন। আপনি যদি জানেন যে আপনি সঠিক, তাহলে আপনার টাকা দেওয়া উচিত নয়।”

তিনি আরও জানান, পুরো লড়াইয়ে চ্যাটজিপিটি তাকে কী বলতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে এবং কীভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে হবে, সে বিষয়ে সহায়তা করেছে। নাগরিক পরামর্শ সেবার হেল্পলাইনেও কয়েকবার যোগাযোগ করেছিলেন তিনি, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তাকে তার কাছে বেশি কার্যকর মনে হয়েছে।

তবে স্মার্ট পার্কিং লিমিটেডের বক্তব্য ভিন্ন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাফাল রিংগো অ্যাপের মাধ্যমে চার ঘণ্টার পার্কিং ফি পরিশোধ করলেও সেখানে চার ঘণ্টা ১১ মিনিটের বেশি অবস্থান করেছিলেন। প্রতিষ্ঠানটির দাবি, পার্কিংয়ের মেশিনগুলো সেদিন সচল ছিল এবং অন্য চালকেরাও সেগুলো ব্যবহার করেছেন। রাফাল মেশিনের ত্রুটির কথা উল্লেখ করে আপিল করলেও যাচাইয়ের পর তা প্রত্যাখ্যান করা হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্রঃ ম্যানচেস্টার ইভনিং নিউজ

এমকে

আরো পড়ুন

মেট পুলিশের বিরুদ্ধে হাজারের বেশি অভিযোগ

যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়ে নতুন ঘটনাঃ হাল শহরে এইচএমও প্রকল্পে অপরাধ আশঙ্কা

ইইউ ও ইউকের নতুন আইনে চাপের মুখে টেক জায়ান্টরা