28.5 C
London
July 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের পতাকা ওড়ালেই জরিমানাঃ বিশ্বকাপ সেমিফাইনালের আগে সতর্কবার্তা

বিশ্বকাপ ফুটবারের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে দেশজুড়ে সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হলেও বাড়ির বাইরে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ানোর ক্ষেত্রে কঠোর সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর বুধবার আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে অনেক সমর্থক বাড়ি, ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে সেন্ট জর্জের ক্রস পতাকা টাঙিয়ে দলকে সমর্থন জানাতে প্রস্তুতি নিচ্ছেন।

তবে যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, পতাকা প্রদর্শনের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট পরিকল্পনা ও নিরাপত্তা-সংক্রান্ত নিয়ম রয়েছে, যা না মানলে স্থানীয় কাউন্সিল ব্যবস্থা নিতে পারে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, একটি ভবনের ছাদে স্থাপিত উল্লম্ব দণ্ডে একসঙ্গে শুধুমাত্র একটি পতাকা ওড়ানো যাবে। এছাড়া ভবনের দেয়ালে স্থাপন করা পতাকার আকার দুই বর্গমিটারের বেশি হতে পারবে না। এর চেয়ে বড় পতাকা ব্যবহার করতে চাইলে সেটি ভবনের ছাদে নির্ধারিত নিয়ম অনুযায়ী স্থাপন করতে হবে।

এ ছাড়া পতাকার সঙ্গে কোনো ধরনের বিজ্ঞাপন, অতিরিক্ত লেখা বা প্রতিষ্ঠানের লোগো যুক্ত করা যাবে না। এমনভাবে পতাকা স্থাপনও নিষিদ্ধ, যাতে সড়ক বা রেলপথের সরকারি নির্দেশনা, ট্রাফিক চিহ্ন বা সতর্কতামূলক সাইনবোর্ড আড়াল হয়ে যায়।

স্থানীয় কাউন্সিল যদি কোনো পতাকা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং বাড়ির মালিক বা দায়িত্বশীল ব্যক্তি সেই নির্দেশ অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ম শুধু ইংল্যান্ডের পতাকার জন্য নয়; সব ধরনের জাতীয় পতাকার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

নিয়ম ভঙ্গের ক্ষেত্রে প্রথমে ১০০ পাউন্ড থেকে জরিমানা শুরু হতে পারে। তবে একই ধরনের অপরাধ বারবার করলে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসকে স্বাগত জানিয়েই সরকার বলেছে, জাতীয় পতাকা ওড়াতে কোনো বাধা নেই, তবে তা অবশ্যই বিদ্যমান আইন ও পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা মেনে করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, অনেকেই না জেনেই পতাকা প্রদর্শনের নিয়ম লঙ্ঘন করেন। তাই সেমিফাইনালের আগে যারা বাড়িতে বা ভবনে ইংল্যান্ডের পতাকা ওড়াতে চান, তাদের সরকারি নির্দেশনা সম্পর্কে আগে থেকেই অবগত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

নতুন সহায়তা স্কিম ‘হাই স্ট্রিট ভাউচার’ ইস্যু শুরু অক্টোবরে

অনলাইন ডেস্ক

কিয়ার স্টারমার, শূন্য থেকে উঠে আসা এক তারকা

গ্রিনল্যান্ডের স্বাধীনতার পথে আইনি রাজনৈতিক বাধা ও সম্ভাবনা আর্কটিকে কি নতুন রাষ্ট্র জন্ম নেবে?