TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউকেতে শারীরিক অসুস্থতার তথ্য জানানো ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করল ডিভিএলএ

ব্রিটেনে গাড়ি চালকদের জন্য বড় ধরনের পরিবর্তন এনেছে ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি (ডিভিএলএ)। যেসব চালককে শারীরিক অসুস্থতা বা স্বাস্থ্যগত সমস্যার তথ্য কর্তৃপক্ষকে জানাতে হয়, তাদের জন্য অনলাইন সেবা আরও সহজ ও বিস্তৃত করা হয়েছে।

ডিভিএলএ জানায়, নতুন আপডেটের ফলে এখন ১ হাজার ৬০০টিরও বেশি স্বাস্থ্যগত সমস্যার তথ্য অনলাইনে জানানো যাবে। আগে অনলাইনে কেবল সীমিতসংখ্যক রোগ বা শারীরিক সমস্যার তথ্য দেওয়ার সুযোগ ছিল।

নতুন ব্যবস্থায় একজন চালক একই আবেদনে একাধিক স্বাস্থ্যগত সমস্যার তথ্য জানাতে পারবেন। আবেদন অসম্পূর্ণ থাকলে সেটি সংরক্ষণ করে পরবর্তী সময়ে আবার কাজ শুরু করার সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া চালকরা তাদের ড্রাইভার অ্যান্ড ভেহিকলস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। প্রয়োজন হলে ড্রাইভিং লাইসেন্সের ছবি নবায়নের ব্যবস্থাও রয়েছে। ডিভিএলএ জানিয়েছে, এরই মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক এই অনলাইন সেবা ব্যবহার করেছেন।

ডিভিএলএর ব্লগে সংস্থাটির কর্মকর্তা ন্যাটালি মরগান বলেন, কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে অথবা স্বল্পমেয়াদি মেডিকেল ড্রাইভিং লাইসেন্স নবায়নের প্রয়োজন হলে চালকদের ডিভিএলএকে জানাতে হতে পারে। এ প্রক্রিয়াকে সহজ ও ঝামেলামুক্ত করতেই অনলাইন সেবার উন্নয়ন করা হয়েছে।

নতুন পরিবর্তনের আওতায় ৭০ বছর বা তার বেশি বয়সী চালকরাও অনলাইনে লাইসেন্স নবায়নের আবেদনের সময় নিজেদের স্বাস্থ্যগত সমস্যার তথ্য জানাতে পারবেন। যারা প্রথমবারের মতো অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, তারাও এই সুবিধা পাবেন।

এ ছাড়া যাদের ড্রাইভিং লাইসেন্স আগে স্বেচ্ছায় জমা দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে অথবা মেয়াদ শেষ হয়েছে, তারাও নতুন অনলাইন সেবা ব্যবহার করতে পারবেন। পুরো সেবাটি এখন ওয়েলশ ভাষাতেও পাওয়া যাচ্ছে।

ডিভিএলএ জানিয়েছে, নতুন ব্যবস্থায় আবেদনের প্রাথমিক যাচাই দ্রুত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অনলাইনে জমা দেওয়া স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সরাসরি সংস্থার সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে যাবে। এতে কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য দ্রুত পর্যালোচনা করতে পারবেন।

তবে সব স্বাস্থ্যগত সমস্যার তথ্য ডিভিএলএকে জানানো বাধ্যতামূলক নয়। কোন রোগ বা শারীরিক অবস্থার ক্ষেত্রে কর্তৃপক্ষকে জানাতে হবে, তা অনলাইন সেবার মাধ্যমেই যাচাই করা যাবে। স্বাস্থ্যগত সমস্যা থাকলেই যে ড্রাইভিং লাইসেন্স ছেড়ে দিতে হবে, এমনটিও নয়।

ডিভিএলএ জানিয়েছে, বর্তমানে এই অনলাইন সেবা মূলত গ্রুপ-১ চালকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ গাড়ি ও মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সধারীরা এটি ব্যবহার করতে পারবেন।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অভিভাবকদের অসচেতনতায় বাড়ছে নাবালক সন্তানদের ই-সিগারেট নেয়ার হার

সাবিনা নেসা: চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সন্দেহভাজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

পার্লামেন্টে তদন্তের মুখে প্রধানমন্ত্রী ঋষি সুনাক