13.1 C
London
October 6, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলকে পছন্দ করে না কোন দেশের জনগণঃ পিউ জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য

ইসরায়েল সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব ব্যাপকভাবে বেড়েছে। ২০২৬ সালের পিউ রিসার্চ সেন্টারের বৈশ্বিক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৩৬টি দেশের মধ্যে অধিকাংশ দেশেই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মতামত সংখ্যাগরিষ্ঠ।

 

জরিপে তুরস্কে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মতামত সবচেয়ে বেশি—৯৭ শতাংশ। এরপর রয়েছে পাকিস্তান ৯৫ শতাংশ, মালয়েশিয়া ৮৯ শতাংশ এবং ইন্দোনেশিয়া ৮৬ শতাংশ। জাপানেও ৮৩ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ায় এই হার ৭৯ শতাংশ।

এশিয়ার অন্যান্য দেশেও ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্য। বাংলাদেশে ৭৯ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৭০ শতাংশ এবং সিঙ্গাপুরে ৭২ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা প্রকাশ করেছেন।

ইউরোপেও একই ধরনের চিত্র দেখা গেছে। সুইডেনে ৭৮ শতাংশ, জার্মানিতে ৭৩ শতাংশ, পোল্যান্ডে ৭০ শতাংশ, যুক্তরাজ্যে ৬৯ শতাংশ, ফ্রান্সে ৬৮ শতাংশ এবং ইতালিতে ৭৫ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন।

পিউ রিসার্চ সেন্টারের হিসাবে, ৩৬টি দেশের মধ্যে সামগ্রিকভাবে মধ্যমা ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন, যেখানে ২৫ শতাংশের মত ছিল ইতিবাচক। জরিপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নেতিবাচক মনোভাব বিশেষভাবে বেশি দেখা গেছে।

২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে কয়েকটি দেশে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব আরও বেড়েছে। দক্ষিণ কোরিয়ায় এই হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ, জার্মানিতে ৬৪ থেকে ৭৩ শতাংশ, পোল্যান্ডে ৬২ থেকে ৭০ শতাংশ, যুক্তরাজ্যে ৬১ থেকে ৬৯ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ৮০ থেকে ৮৬ শতাংশ হয়েছে। তুরস্কেও নেতিবাচক মতামত ৯৩ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশ হয়েছে।

পিউ জানিয়েছে, ২০২৬ সালের জরিপটি ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত হয়। জরিপের বেশিরভাগ সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর।

জরিপে শুধু ইসরায়েল সম্পর্কে মতামত নয়, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আস্থার বিষয়টিও জানতে চাওয়া হয়। অধিকাংশ দেশেই সংখ্যাগরিষ্ঠ মানুষ আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর আস্থা নেই বলে জানিয়েছেন।

সূত্রঃ পিউ রিসার্চ সেন্টার

এমকে

আরো পড়ুন

দ্বৈত-নাগরিকত্ব পরিহার না করলে সিটিজেনশিপ হারাবে আমেরিকানরা

নাসার বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ

চীনকে ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান