ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ নেই যুক্তরাষ্ট্রের। এ পরিস্থিতিতে অতিরিক্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী যুদ্ধজাহাজ না পেলে ইসরায়েলের পরিবর্তে যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিতে বাধ্য হবেন বলে পেন্টাগনকে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর একজন শীর্ষ জেনারেল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনটি উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস জি. গ্রিনকিউইচ পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের কাছে লিখিত সতর্কবার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, অতিরিক্ত একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ না পেলে ইসরায়েলকে রক্ষার পরিবর্তে যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় যুদ্ধজাহাজের স্বল্পতা তৈরি হয়েছে। ফলে একই সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে স্পেনের রোটা ঘাঁটি থেকে পাঁচটি ডেস্ট্রয়ার পরিচালনা করছে। চলতি বছরের শেষ দিকে সেখানে আরও একটি যুদ্ধজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালি পরিস্থিতির কারণে এসব যুদ্ধজাহাজের ওপর চাপ বেড়েছে।
পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা মার্কিন ডেস্ট্রয়ারগুলো উন্নত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তিতে সজ্জিত। ইরান এবং ইয়েমেনের হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশপথের হামলা প্রতিহত করতে এসব যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউরোপীয় কমান্ডের অধীনে পরিচালিত এই প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে ইসরায়েলকে সামরিক সুরক্ষা দিয়ে আসছে ওয়াশিংটন।
এদিকে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের নির্দেশ দেওয়ার পর মার্কিন নৌবাহিনীর ওপর চাপ আরও বেড়েছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
শুধু নৌবাহিনীর যুদ্ধজাহাজ নয়, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র মজুত নিয়েও উদ্বেগ রয়েছে। এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিত করার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
প্রতিবেদন অনুযায়ী, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছিলেন, ইরানের বিরুদ্ধে আরও বড় পরিসরে হামলা চালানো সামরিকভাবে সম্ভব হলেও এতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের হাতে থাকা আকাশ প্রতিরক্ষার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
এর আগে মে মাসে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র প্রায় ৩০০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিপরীতে ইসরায়েল নিজস্ব প্রতিরক্ষায় প্রায় ১৯০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
সামরিক বিশ্লেষকদের কাছে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ। একদিকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি, অন্যদিকে নিজেদের ভূখণ্ড ও সামরিক স্থাপনাগুলোর প্রতিরক্ষা—দুই দায়িত্ব পালনে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা ও সম্পদের ভারসাম্য বজায় রাখাই এখন ওয়াশিংটনের বড় পরীক্ষা।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এমকে

