14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

উইন্টার ফুয়েল পেমেন্ট ও ১৫০ পাউন্ড সহায়তার নামে প্রতারণাঃ ব্রিটিশদের সতর্ক করলেন বিশেষজ্ঞ

যুক্তরাজ্যে শীতকালীন জ্বালানি সহায়তা ও ‘ওয়ার্ম হোম ডিসকাউন্ট’কে কেন্দ্র করে প্রতারণামূলক বার্তা ও ফোনকল বাড়ছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে ব্রিটিশদের প্রতি পরামর্শ দিয়েছেন ভোক্তা বিষয়ক বিশেষজ্ঞ ডম লিটলউড।

‘স্মার্ট এনার্জি জিবি’র গবেষণায় দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ৮৩ শতাংশ ব্রিটিশ প্রতারণামূলক খুদে বার্তা, ই-মেইল অথবা ফোনকল পেয়েছেন। তাদের ৭১ শতাংশ মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে এসব প্রতারণামূলক বার্তা আগের তুলনায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। গড়ে প্রত্যেক ব্যক্তি ১৯টি করে প্রতারণামূলক বার্তা পেয়েছেন।

গবেষণায় অংশ নেওয়া ১৬ শতাংশ মানুষ জানিয়েছেন, সরকারি সহায়তা পেতে তাদের কোনো পদক্ষেপ নিতে হবে—এমন দাবি করে প্রতারণামূলক বার্তা বা ফোনকল পেয়েছেন তারা। এর মধ্যে ‘উইন্টার ফুয়েল পেমেন্ট’ ও ‘ওয়ার্ম হোম ডিসকাউন্ট’কে কেন্দ্র করে ভুয়া বার্তার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

‘ওয়ার্ম হোম ডিসকাউন্ট’ যোগ্য পরিবারগুলোর বিদ্যুৎ বিল থেকে এককালীন ১৫০ পাউন্ড ছাড় দেয়। গবেষণায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি মানুষ জানিয়েছেন, প্রতারণার কারণে তারা অর্থ হারিয়েছেন।

বেশিরভাগ যোগ্য পরিবার স্বয়ংক্রিয়ভাবে এই ১৫০ পাউন্ডের ছাড় পেয়ে থাকে। তবে স্কটল্যান্ডের কিছু মানুষকে এখনো তাদের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হতে পারে। ফলে হঠাৎ কোনো বার্তায় লিংকে ক্লিক করা, অর্থ পরিশোধ করা কিংবা ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দেওয়ার অনুরোধ এলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতারণাকারীরা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং এইচএমআরসির নামও ব্যবহার করছে। প্রায় এক-পঞ্চমাংশ মানুষ জানিয়েছেন, তাদের জ্বালানি বা ইউটিলিটি প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করা হয়েছে। আবার ৪০ শতাংশের মতো মানুষ মনে করেন, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালে তারা বেশি প্রতারণামূলক বার্তা পেয়েছেন।

ডম লিটলউড বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রতারণামূলক ফোনকল, বার্তা ও ওয়েবসাইট এখন অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হতে পারে। তাই অপ্রত্যাশিত কোনো বার্তা পেলে তাড়াহুড়ো করে জবাব না দিয়ে আগে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

তার পরামর্শ অনুযায়ী, সন্দেহজনক বার্তায় থাকা লিংক, ফোন নম্বর বা যোগাযোগের তথ্য ব্যবহার না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। ‘ওয়ার্ম হোম ডিসকাউন্ট’ সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

নন-স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সহায়তা ভাউচারের মাধ্যমে দেওয়া হতে পারে, যা হাতে পাওয়ার পর আলাদাভাবে ব্যবহার করতে হয়। আর স্মার্ট প্রিপেমেন্ট মিটার থাকলে সহায়তার অর্থ সরাসরি মিটারে যোগ হতে পারে।

‘ওয়ার্ম হোম ডিসকাউন্ট’ কার্যক্রম অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত চলে এবং এই সময়ের মধ্যে যেকোনো সময়ে ছাড়টি দেওয়া হতে পারে।

প্রতারণার শিকার হলে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল ফোনে পাওয়া সন্দেহজনক খুদে বার্তা ৭৭২৬ নম্বরে বিনা খরচে ফরওয়ার্ড করে রিপোর্ট করা যায়।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

কাজিন বিয়ে নিষিদ্ধ না করার সিদ্ধান্তে অনড় লেবারঃ যুক্তরাজ্যের ওপর মার্কিন চাপ

যুক্তরাজ্যের উইগানে অবৈধ বর্জ্য ফেলার কেলেঙ্কারিঃ কর্তৃপক্ষের উদাসীনতায় জনজীবন বিপর্যস্ত

যুক্তরাজ্যে বর্ডার ফোর্স কর্তৃক ম্যানচেস্টার বিমানবন্দরে গ্রেফতারের পর এক ব্যক্তির মৃত্যু