14.6 C
London
October 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গাড়িমুক্ত অক্সফোর্ড স্ট্রিটে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছেঃ নতুন সম্ভাবনা দেখছেন লন্ডনের মেয়র

লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটে যানবাহন চলাচল বন্ধ করে পথচারীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগের পর সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র লর্ড সাদিক খান। তার দাবি, সড়কটি পথচারীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনাকে কেন্দ্র করে নতুন খুচরা বিক্রেতাদের আগ্রহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

অক্সফোর্ড স্ট্রিটের প্রায় এক কিলোমিটার দীর্ঘ অংশে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গ্রেট পোর্টল্যান্ড স্ট্রিট থেকে সেলফ্রিজেস পর্যন্ত এই অংশকে পথচারীবান্ধব এলাকায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য, যুক্তরাজ্যের অন্যতম পরিচিত বাণিজ্যিক সড়কটিকে আরও প্রাণবন্ত, আকর্ষণীয় এবং অভিজ্ঞতাভিত্তিক কেনাকাটার গন্তব্য হিসেবে গড়ে তোলা।

লর্ড সাদিক খান বলেন, সম্পত্তি কেনাবেচা ও ভাড়া দেওয়ার সঙ্গে যুক্ত এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অক্সফোর্ড স্ট্রিটে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে খুচরা বিক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, “আমরা চাই সড়কটি সফল ও প্রাণবন্ত হোক। আমরা চাই, একটি সাফল্য থেকে আরও সাফল্য তৈরি হোক।”

অক্সফোর্ড স্ট্রিটকে নতুনভাবে সাজানোর এই উদ্যোগের মাধ্যমে পথচারীদের জন্য চলাচল আরও সহজ করা এবং কেনাকাটা, অবসরযাপন ও বিভিন্ন অভিজ্ঞতার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, যানবাহনের চাপ কমিয়ে সড়কটিকে আরও আকর্ষণীয় করে তুললে সেখানে ব্যবসায়িক কার্যক্রম ও বাণিজ্যিক বিনিয়োগ বাড়তে পারে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের দরিদ্রতম পরিবার আয়ের বেশিরভাগ অংশ কাউন্সিল ট্যাক্সে ব্যয় করছেঃ গবেষণা

কৌশলে অগ্নিনিরাপত্তা এড়াচ্ছেন লন্ডনের বিল্ডাররা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের পার্টি পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে নতুন মোড়