28.5 C
London
July 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

চালকবিহীন ট্যাক্সি নিয়ে লন্ডনবাসীর অনীহাঃ নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

লন্ডনে চালকবিহীন ট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা এগিয়ে চললেও এ প্রযুক্তির প্রতি এখনও আস্থা রাখতে পারছেন না অধিকাংশ বাসিন্দা। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, নিরাপত্তা, প্রযুক্তিগত ত্রুটি এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে রাজধানীর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চালকবিহীন ট্যাক্সির বিরোধিতা করছেন।

লন্ডন পরিষদের পরিবহন কমিটির উদ্যোগে পরিচালিত জরিপে দেখা যায়, ৪২ শতাংশ লন্ডনবাসী চালকবিহীন ট্যাক্সি চালুর বিপক্ষে মত দিয়েছেন। বিপরীতে, এ ধরনের সেবার পক্ষে মত দিয়েছেন মাত্র ২৯ শতাংশ। এছাড়া প্রতি ১০ জনের মধ্যে মাত্র তিনজন বলেছেন, সুযোগ পেলে তারা চালকবিহীন ট্যাক্সি ব্যবহার করার কথা বিবেচনা করবেন।

এই জরিপ এমন সময় প্রকাশিত হলো, যখন কয়েকটি বড় পরিবহন ও প্রযুক্তি প্রতিষ্ঠান ২০২৬ সালের শেষ নাগাদ লন্ডনে চালকবিহীন ট্যাক্সি সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। যদিও যুক্তরাজ্যে এখন পর্যন্ত কোথাও এ ধরনের ট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু হয়নি, তবে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষ জানিয়েছেন, জরুরি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে চালকবিহীন গাড়ি কীভাবে সিদ্ধান্ত নেবে এবং কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে তারা উদ্বিগ্ন। পাশাপাশি ৪১ শতাংশ উত্তরদাতা মনে করেন, এসব যানবাহন সড়কের অন্যান্য ব্যবহারকারীর জন্য ঝুঁকির কারণ হতে পারে।

এছাড়া ৩৯ শতাংশ মানুষের আশঙ্কা, প্রযুক্তিগত ত্রুটি বা সফটওয়্যারের ব্যর্থতার কারণে সড়কে দুর্ঘটনা বা বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। জরিপে মাত্র ১৭ শতাংশ মানুষ বলেছেন, তারা বিশ্বাস করেন যে চালকবিহীন ট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দায়িত্বশীলভাবে সংগ্রহ ও ব্যবহার করবে।

জরিপের ফল প্রকাশের পর পরিবহন বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা সরকারের প্রতি জনমতের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

লন্ডন পরিষদের পরিবহন কমিটির চেয়ার ক্যারোলিন রাসেল বলেন, লন্ডনে চালকবিহীন যাত্রীবাহী যানবাহনের পরীক্ষামূলক কার্যক্রম এবং সম্ভাব্য চালুর আগে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, জরিপে বিরোধিতার মাত্রা উদ্বেগজনক এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

তিনি আরও বলেন, ফলাফল স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে চালকবিহীন ট্যাক্সির প্রতি জনগণের আস্থা অর্জনে এখনও অনেক কাজ বাকি। তাই জনসাধারণের নিরাপত্তা, প্রযুক্তির নির্ভরযোগ্যতা এবং তথ্য সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত না করে এ প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু করা উচিত হবে না।

লন্ডন পরিষদের পরিবহন কমিটি বর্তমানে রাজধানীতে চালকবিহীন যাত্রীবাহী যানবাহন চালুর সম্ভাবনা নিয়ে তদন্ত করছে। চলতি বছরের শেষ দিকে প্রকাশিতব্য প্রতিবেদনে যাত্রী নিরাপত্তা, সড়ক নিরাপত্তা এবং লন্ডনের সামগ্রিক পরিবহন ব্যবস্থার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত সুপারিশ তুলে ধরা হবে।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চালকবিহীন যানবাহন ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্ক নাগরিকদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, জনআস্থা অর্জন ছাড়া এ প্রযুক্তির সফল বাস্তবায়ন সম্ভব নয়।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

২ দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করল চীন, কার্যকর মঙ্গলবার

ব্যবসার চেয়ে ব্রিটিশ রাজনীতিতেই বেশি সক্রিয় বিশ্বের শীর্ষ ধনীঃ বিশ্লেষণে নতুন তথ্য

হাসপাতালের টয়েলেটে সন্তান জন্ম দিলেন লন্ডনের শিক্ষার্থী