TV3 BANGLA
বাংলাদেশ

নাটোরে চুরি যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধান নেইঃ জার্মান তরুণকে ম্যাকবুক উপহার

বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখতে এসে নাটোর রেলস্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা চুরির শিকার হওয়া জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবারকে একটি ম্যাকবুক উপহার দেওয়া হয়েছে। আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুক্তি মাহমুদ তাকে এই উপহার দেন। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি।

দৈনিক ইত্তেফাকের ১০ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, হারিয়ে যাওয়া সরঞ্জাম উদ্ধারে পুলিশ, রেলওয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। রেলস্টেশনগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং চুরি যাওয়া সরঞ্জাম কোথায় রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ জন্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে আসা কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহার যান। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে চড়ে নাটোর রেলস্টেশনে পৌঁছান তিনি।

নাটোর থেকে অন্য একটি ট্রেনে করে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় এক ব্যক্তি কৌশলে তার ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন ওই জার্মান নাগরিক। এরপর থেকে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারে তদন্ত শুরু হয়।

রেলওয়ে পুলিশের সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, নাটোর ও সান্তাহার রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরা এক ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই ব্যক্তি রেলওয়ের কর্মী নন; কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হতে পারেন।

তিনি আরও জানান, ঘটনার প্রথম দিন ল্যাপটপটির অবস্থান সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলেও পরে আর সেটির অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার না হওয়ায় জার্মান পর্যটকের ব্যক্তিগত সরঞ্জাম ফিরে পাওয়ার অপেক্ষা এখনো শেষ হয়নি। এর মধ্যেই তাকে নতুন একটি ম্যাকবুক উপহার দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মুক্তি মাহমুদ।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এমকে

আরো পড়ুন

বিএনপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়ঃ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়

সাবেক মেয়র আরিফুল হকের সহযোগিতায় পালিয়েছেন আনোয়ারুজ্জামান

নিউজ ডেস্ক

কিউএস র‍্যাঙ্কিংয়ে হাজারের ঘরে দেশের তিন বিশ্ববিদ্যালয়, এগিয়েছে ঢাবি

নিউজ ডেস্ক