যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল পর্যটন প্রকল্পকে কেন্দ্র করে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শনিবার রাজধানী তিরানায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি দেশটির কেন্দ্রীয় ব্যাংকে হামলার চেষ্টাও চালান বিক্ষোভকারীদের একটি অংশ।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবন ও সড়কের নজরদারি ক্যামেরা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। কেউ কেউ কাঠের লাঠি নিয়ে সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
দুপুরের দিকে একদল বিক্ষোভকারী রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাংক অব আলবেনিয়ার সামনে জড়ো হন। তারা ব্যাংক ভবনের জানালায় আঘাত করেন এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালান। অন্যদিকে, স্ক্যান্ডারবেগ স্কয়ারে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সেখানে বিক্ষোভকারীরা ‘পদত্যাগ’ স্লোগান দেন।
বিক্ষোভকারীদের একটি অংশ পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। তাদের ঠেকাতে সেখানে দাঙ্গা পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর, বোতল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেন।
পরিস্থিতি মোকাবিলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় রাখা হয়। রাজধানীতে প্রবেশের প্রধান সড়কগুলোতেও যানবাহন থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
আলবেনিয়ার ১৯১২ সালের স্বাধীনতা ঘোষণার ১১৪তম বার্ষিকীর দিনেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সাধারণত জাতীয় এই ছুটির দিনে দেশজুড়ে আনন্দ আয়োজন ও ঐক্যের কর্মসূচি পালিত হলেও এবার দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাস থেকে মানুষ রাজধানী তিরানায় এসে বিক্ষোভে যোগ দেন।
ব্রিটেন থেকে বিক্ষোভে অংশ নিতে আসা ৩৩ বছর বয়সী আরিয়ান লেশি বলেন, ‘আমি বিশেষভাবে এই বিক্ষোভে অংশ নিতে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে রয়েছি। আমরা ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছি। মনে হচ্ছে, আমরা এমন নাগরিক, যাদের কোনো রাষ্ট্র নেই।’
গত ৩১ মে দক্ষিণ আলবেনিয়ার উপকূলে একটি বিশাল বিলাসবহুল পর্যটন প্রকল্পের বিরোধিতা করে এই আন্দোলনের সূচনা হয়। প্রকল্পটি জ্যারেড কুশনার প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। তার স্ত্রী ও যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ইভাঙ্কা ট্রাম্পও প্রকাশ্যে এই প্রকল্পের পক্ষে প্রচার চালিয়েছেন।
পরিবেশবাদী আন্দোলনকারীদের অভিযোগ, প্রকল্পটির প্রাথমিক নির্মাণকাজের কারণে একসময়কার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ফ্লেমিঙ্গো পাখির প্রজননক্ষেত্র এবং বিপন্ন প্রজাতির লগারহেড সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল। এ কারণে আন্দোলনটি ‘ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিতি পেয়েছে।
পরিবেশ রক্ষার দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলনটি এখন প্রধানমন্ত্রী এদি রামার দীর্ঘদিনের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টির সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দেশ ছেড়ে মানুষের ব্যাপক অভিবাসন নিয়ে ক্ষোভও এতে যুক্ত হয়েছে।
আন্দোলনে শিক্ষার্থী ও তরুণ কর্মীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। শিক্ষার্থী জুনা ভাসিলি বলেন, ‘আমরা আর সহ্য করতে পারছি না। জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। আমরা পুরো ব্যবস্থার পরিবর্তন চাই।’
অন্যদিকে, উপকূলীয় পর্যটন প্রকল্পটির জোরালো সমর্থক প্রধানমন্ত্রী এদি রামা বিক্ষোভকে বিদেশি প্রভাবের ফল হিসেবে তুলে ধরেছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি বলে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

