TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাংলাদেশসহ ৭ দেশ থেকে শরণার্থী নেবে ব্রিটেনঃ ২০২৭ সালে চালু হচ্ছে নতুন তিন রুট

বাংলাদেশসহ সাতটি দেশ থেকে নির্বাচিত শরণার্থীদের যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ দিতে নতুন তিনটি স্পনসরশিপ ব্যবস্থা চালু করছে ব্রিটিশ সরকার। কমিউনিটি সংগঠন, বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে এসব শরণার্থীকে যুক্তরাজ্যে আনা হবে। নতুন ব্যবস্থায় প্রাথমিকভাবে পাঁচ বছরের বসবাসের অনুমতি, কাজ ও পড়াশোনার অধিকার দেওয়া হবে।

গত ২৯ অক্টোবর যুক্তরাজ্যের হোম অফিস নতুন তিনটি শরণার্থী স্পনসরশিপ ব্যবস্থার নীতিমালা প্রকাশ করেছে। এগুলো হলো নেইমড কমিউনিটি স্পনসরশিপ, রিফিউজি স্টাডি এবং রিফিউজি ওয়ার্ক। ১৭ নভেম্বর অভিবাসন আইনবিষয়ক ওয়েবসাইট ফ্রি মুভমেন্টে প্রকাশিত এক বিশ্লেষণে এসব ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেছেন অভিবাসন আইনজীবী নাথ গবিকপি।

নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মিসর, উগান্ডা ও কেনিয়ায় অবস্থানরত শরণার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে আরও দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে নিজ দেশের নাগরিক হিসেবে নিজ দেশেই অবস্থানরত কেউ এই সুযোগ পাবেন না। যেমন, পাকিস্তানে থাকা পাকিস্তানি নাগরিক আবেদন করতে পারবেন না, কিন্তু পাকিস্তানে আশ্রয় নেওয়া একজন আফগান শরণার্থী যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারবেন।

২০২৭ সালে চাকরির মাধ্যমে শরণার্থী স্পনসরশিপের আবেদন শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে কমিউনিটি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবস্থায় প্রথম শরণার্থীরা ২০২৭ সালে যুক্তরাজ্যে পৌঁছাতে পারেন। প্রতিবছর কতজনকে নেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে কয়েক শ শরণার্থী আসবেন বলে সরকারের প্রত্যাশা।

নতুন ব্যবস্থায় হোম অফিস, প্রধান স্পনসর এবং সরাসরি স্পনসর—এই তিন পক্ষ দায়িত্ব পালন করবে। হোম অফিস নীতিমালা তৈরি, স্পনসর সংগঠন অনুমোদন, আবেদনকারীর যোগ্যতা যাচাই, নিরাপত্তা পরীক্ষা এবং ভিসা বা বসবাসের অনুমতি দেওয়ার দায়িত্বে থাকবে।

প্রধান স্পনসর হিসেবে কাজ করবে হোম অফিসের অনুমোদন পাওয়া যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ও কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি। তারা আবেদন যাচাই, স্পনসরদের সঙ্গে যোগাযোগ এবং আবেদন জমা দেওয়ার দায়িত্ব পালন করবে। কমিউনিটি সংগঠন, বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতা প্রতিষ্ঠান সরাসরি শরণার্থীদের আবাসন, আর্থিক সহায়তা, পড়াশোনা কিংবা চাকরির ব্যবস্থা করবে।

আগের কমিউনিটি স্পনসরশিপ ব্যবস্থার সঙ্গে নতুন ব্যবস্থার বড় পার্থক্য হলো, এবার স্পনসররা নিজেরাই নির্দিষ্ট শরণার্থী নির্বাচন করতে পারবেন। আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে শরণার্থী নির্বাচন করা হতো। নতুন ব্যবস্থায় স্পনসর সংগঠন কাকে যুক্তরাজ্যে আনতে চায়, তা নিজেরাই প্রস্তাব করতে পারবে।

আবেদনের জন্য শরণার্থীকে নিজের নাগরিকত্বের দেশের বাইরে অবস্থান করতে হবে। রাষ্ট্রহীন হলে সাবেক স্থায়ী বসবাসের দেশের বাইরে থাকতে হবে। পাশাপাশি ১ অক্টোবর ২০২৬-এর আগে তালিকাভুক্ত সাতটি দেশের কোনো একটিতে অবস্থান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা ইউএনএইচসিআরের কাছে নিবন্ধিত থাকতে হবে।

শুধু এসব শর্ত পূরণ করলেই হবে না। আবেদনকারীকে স্বীকৃত শরণার্থী হতে হবে এবং পরিচয়, নিরাপত্তা, স্বাস্থ্য ও অভিবাসনসংক্রান্ত যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। পড়াশোনার রুটে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তাব এবং চাকরির রুটে অংশগ্রহণকারী নিয়োগদাতার চাকরির প্রস্তাব থাকতে হবে। যোগ্য পরিবারের সদস্যদেরও মূল আবেদনকারীর সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ থাকবে। তবে পরিবারের কোন সদস্যরা এই যোগ্যতার আওতায় পড়বেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।

কমিউনিটি স্পনসরশিপের আওতায় একটি গ্রুপে অন্তত পাঁচজন নির্দিষ্ট সদস্য থাকতে হবে। তাদের শরণার্থীর আবাসন, আর্থিক সহায়তা এবং ব্রিটিশ সমাজে একীভূত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। আনুষ্ঠানিক স্পনসরশিপের মেয়াদ এক বছর হলেও শরণার্থী আসার পর সাধারণত দুই বছরের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

একটি পরিবারকে স্পনসর করার ক্ষেত্রে সংগঠনকে আনুমানিক ৯ হাজার থেকে ১৫ হাজার পাউন্ড অর্থের সংস্থান দেখাতে হতে পারে। একক ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ কম হবে। এই অর্থ আগে থেকেই হাতে থাকতে হবে। ব্যক্তিগত বা ব্যবসায়িক ঋণ নিয়ে স্পনসরশিপের খরচ বহন করা যাবে না। শরণার্থীর কাছ থেকে অর্থ নেওয়া কিংবা এ ব্যবস্থার মাধ্যমে মুনাফা করাও নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক রিফিউজি স্টাডি রুটে যুক্তরাজ্যের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলো স্পনসর হিসেবে কাজ করবে। আবেদন জমা দেওয়ার আগেই শরণার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব পেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ পরিস্থিতিতে ভর্তির ফলাফলের শর্ত কিছুটা শিথিল করতে পারবে। তবে ইংরেজি ভাষার যোগ্যতার শর্ত কমানো যাবে না।

শিক্ষার্থীর টিউশন ফি ও জীবনযাত্রার খরচ নিশ্চিত করতে হবে। বৃত্তি, শিক্ষার্থী অর্থায়ন, ফি মওকুফ কিংবা দাতব্য অনুদানের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীর আবাসন, কল্যাণ ও প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব নিতে হবে। ছুটির সময়েও আবাসনের ব্যবস্থা রাখতে হবে।

চাকরিভিত্তিক রিফিউজি ওয়ার্ক রুটে অংশগ্রহণকারী নিয়োগদাতার কাছ থেকে চাকরির প্রস্তাব থাকতে হবে। তবে এই ব্যবস্থার বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। ২০২৭ সালের বসন্তে আবেদন শুরুর আগে হোম অফিস এ বিষয়ে আরও নির্দেশনা প্রকাশ করবে।

প্রধান স্পনসর হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানকে যুক্তরাজ্যে নিবন্ধিত দাতব্য সংস্থা অথবা কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি হতে হবে এবং অন্তত এক বছর ধরে কার্যক্রম পরিচালনা করতে হবে। একাধিক স্পনসরশিপ পরিচালনার সক্ষমতা, প্রয়োজনীয় অর্থ ও সাংগঠনিক অভিজ্ঞতা থাকতে হবে। পরিচালনা পর্ষদের অর্ধেকের বেশি সদস্য ব্রিটিশ অথবা আইরিশ নাগরিক হতে হবে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান হোম অফিসের সঙ্গে তিন বছরের চুক্তি করবে।

যুক্তরাজ্যে যাওয়ার আগে শরণার্থীদের ছয় মাসের বিশেষ অভিবাসন অনুমতি দেওয়া হবে, যাতে প্রয়োজনীয় ভ্রমণ ও দেশত্যাগের প্রস্তুতি সম্পন্ন করা যায়। দেশটিতে পৌঁছানোর পর তাদের প্রাথমিকভাবে পাঁচ বছরের বসবাসের অনুমতি দেওয়া হবে। তারা অবিলম্বে কাজ ও পড়াশোনা করতে পারবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ করলে সরকারি আর্থিক সুবিধাও নিতে পারবেন।

কোনো শরণার্থী চাইলে স্পনসরশিপ ব্যবস্থা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে পারবেন। এতে তার যুক্তরাজ্যে থাকার অভিবাসন অনুমতি বাতিল হবে না। তবে স্পনসরশিপের আওতায় পাওয়া আবাসন ও আর্থিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। স্পনসর প্রতিষ্ঠান দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রধান স্পনসরকে বিকল্প ব্যবস্থা খুঁজে দেওয়ার চেষ্টা করতে হবে।

স্থায়ী বসবাসের ক্ষেত্রে সরকারের প্রকাশিত নীতিগত অবস্থানে বলা হয়েছে, নির্ধারিত নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের যোগ্য হতে পারেন। এ ক্ষেত্রে আগের পাঁচ বছরে সরকারি আর্থিক সহায়তা গ্রহণ না করার শর্ত তাদের জন্য প্রযোজ্য হবে না।

তবে স্থায়ী বসবাসের আবেদনে ইংরেজি ভাষার যোগ্যতা নিয়ে পার্থক্য রয়েছে। যুক্তরাজ্যের রিসেটলমেন্ট স্কিমের মাধ্যমে আসা শরণার্থীদের জন্য এ২ পর্যায়ের ইংরেজি প্রয়োজন হবে। অন্যদিকে নতুন স্পনসরশিপ রুটসহ অন্যান্য নির্ধারিত নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থীদের ক্ষেত্রে বি২ পর্যায়ের ইংরেজি প্রয়োজন হতে পারে। লাইফ ইন দ্য ইউকে পরীক্ষার ক্ষেত্রেও দুই ব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে। নতুন স্পনসরশিপ রুটে আসা ব্যক্তিরা এই পরীক্ষায় ছাড় পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নতুন কর্মসূচিতে কমিউনিটি সংগঠন, বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতারা নির্দিষ্ট শরণার্থীকে যুক্তরাজ্যে এনে পুনর্বাসনে সহায়তা করতে পারবে। তবে দেশভিত্তিক যোগ্যতা, স্পনসর পাওয়ার সুযোগ এবং প্রতিবছরের নির্ধারিত সীমার কারণে অল্পসংখ্যক শরণার্থীই এই সুবিধা পাবেন। নতুন এই ব্যবস্থা অন্য শরণার্থীদের যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার অধিকার বাতিল করবে না।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এমকে

আরো পড়ুন

ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলিঃ আহত ৯

যুক্তরাজ্যে জ্বালানি দামের ধাক্কায় চাপে ব্রিটিশ মধ্যবিত্ত, জীবনযাত্রার মান কমার আশঙ্কা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী