14.4 C
London
October 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অতিরিক্ত গতিতে ই-বাইক চালালেই ডেলিভারু থেকে নিষিদ্ধ হতে পারেন চালক

ব্রিটেনে অবৈধভাবে পরিবর্তিত দ্রুতগতির ইলেকট্রিক বাইক ব্যবহারকারী ডেলিভারি চালকদের নিজেদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারু। নতুন প্রযুক্তির মাধ্যমে যেসব চালক সাধারণ সাইকেল বা আইনসম্মত ই-বাইকের পক্ষে অস্বাভাবিক গতিতে চলাচল করছেন, তাদের শনাক্ত করা হবে।

ডেলিভারু জানিয়েছে, কোনো চালক সন্দেহজনক গতিতে চলাচল করলে তার সঙ্গে যোগাযোগ করে তিনি কী ধরনের যানবাহন ব্যবহার করছেন, তা জানতে চাওয়া হবে। কেউ জেনেশুনে ভুল যানবাহনের তথ্য নিবন্ধন করলে অথবা নিয়ম লঙ্ঘন অব্যাহত রাখলে তাকে ডেলিভারুর প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

ব্রিটেনের আইন অনুযায়ী, বৈদ্যুতিক বাইকে মোটরের সহায়তা ঘণ্টায় ১৫ দশমিক ৫ মাইল গতিতে পৌঁছানোর পর বন্ধ হয়ে যেতে হবে। পাশাপাশি মোটরের সর্বোচ্চ ক্ষমতা হতে হবে ২৫০ ওয়াট। তবে বাজারে পাওয়া বিভিন্ন পরিবর্তন কিট ব্যবহার করে কিছু ই-বাইককে এই সীমার চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন করা হচ্ছে।

এই পরিস্থিতিতে অনিরাপদ ই-বাইক পরিবর্তন কিটের বিক্রি নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডেলিভারু। প্রতিষ্ঠানটির মতে, এসব কিট সহজেই কেনা ও সাধারণ সাইকেলে সংযোজন করা যায়, যা চালক ও সড়কে চলাচলকারী অন্যদের জন্য ঝুঁকি তৈরি করছে।

ডেলিভারুর নীতি ও টেকসই উন্নয়নবিষয়ক পরিচালক পল বেডফোর্ড বলেন, চালক ও সাধারণ মানুষের সড়ক নিরাপত্তা প্রতিষ্ঠানের অগ্রাধিকার। এ লক্ষ্যেই ‘রাইড সেফ’ নামে নতুন প্রচারাভিযান চালু করা হচ্ছে। সমস্যার মূল উৎস বন্ধ করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

লন্ডনে অবৈধভাবে পরিবর্তিত ই-বাইকের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে খাবার সরবরাহকারী চালকদের মধ্যে এসব বাইকের ব্যবহার সড়ক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, গত বছর লন্ডনে ই-বাইকের আগুন লাগার ১৭১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। বৈদ্যুতিক বাইক ও ইলেকট্রিক স্কুটারে ব্যবহৃত ব্যাটারি, পরিবর্তন কিট কিংবা চার্জারের ত্রুটি থেকে এ ধরনের আগুন লাগতে পারে।

লন্ডন ফায়ার ব্রিগেডের উপসহকারী কমিশনার রিচার্ড ফিল্ড অনিরাপদ পরিবর্তন কিট বিক্রি নিষিদ্ধ করার আহ্বানকে সমর্থন করেছেন। তিনি বলেন, পরিবর্তিত সাইকেলের কারণে সৃষ্ট বিপজ্জনক আগুন নেভাতে দমকলকর্মীদের নিয়মিত কাজ করতে হয়। নিম্নমানের সংযোজন, ভুল চার্জার কিংবা অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রাংশ ব্যবহারের কারণে লিথিয়াম ব্যাটারিতে আগুন লাগার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে।

এ কারণে বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তির মাধ্যমে বাইকে পরিবর্তন আনার এবং নির্ভরযোগ্য বিক্রেতার কাছ থেকে ব্যাটারি কেনার পরামর্শ দিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। ব্যবহৃত ব্যাটারি কেনার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।

লেবার পার্টির সংসদ সদস্য ডেম সিওভেইন ম্যাকডোনাঘ বলেন, বিপজ্জনক ও নিয়মবহির্ভূত ই-বাইক পরিবর্তন কিটে গুরুতর অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। অনলাইনে এবং সরাসরি দোকানে এসব পণ্যের বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

এদিকে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিয়মের তুলনায় বেশি গতিসম্পন্ন ও শক্তিশালী করে পরিবর্তন করা ই-বাইক আইন অনুযায়ী মোটরসাইকেল হিসেবে বিবেচিত হয়। সেগুলো নিবন্ধিত, কর পরিশোধিত ও বিমাকৃত না হলে সড়কে চলাচল করতে পারে না।

সরকার আরও জানিয়েছে, সতর্কবার্তা না দিয়েই যানবাহন জব্দ করার ক্ষেত্রে পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে বিক্রি হওয়া অনিরাপদ পণ্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্রঃ ইভনিং স্ট্যান্ডার্ড

এমকে

আরো পড়ুন

লন্ডনের ক্যানারিওয়ার্ফের আন্ডারপাসে ধর্ষণের চেষ্টাঃ ইস্ট লন্ডনের সৈয়দ ইমামের ৬ বছরের জেল

যুক্তরাজ্যের রাজ পরিবারে পুরাতন বর্ণবাদী মন্তব্য নিয়ে নতুন আলোচনা

যুক্তরাজ্যে কারাগারের ধারণক্ষমতা সংকটে আগাম মুক্তি পেলেন ৭০ হাজারের বেশি বন্দি