ব্রিটেনে উগ্র ডানপন্থা, বর্ণবাদ ও অভিবাসীবিরোধী মনোভাবের বিরুদ্ধে পারস্পরিক আলোচনা ও সামাজিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেছেন লিভারপুলের ইমাম আদম কেলউইক এবং সাবেক ফুটবল দাঙ্গাবাজ জশ কনোলি। ভিন্ন ধর্মীয় ও সামাজিক পরিবেশে বেড়ে ওঠা এই দুই ব্যক্তি মুখোমুখি আলোচনায় নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, মতপার্থক্য থাকলেও মানুষের মধ্যে মিল অনেক বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর ‘ব্রিটেন টকস’ উদ্যোগের অংশ হিসেবে লিভারপুলের ঐতিহাসিক আবদুল্লাহ কুইলিয়াম মসজিদে তাদের এই আলোচনা অনুষ্ঠিত হয়। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত এই মসজিদকে ব্রিটেনের সবচেয়ে পুরোনো মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে লেখক, পডকাস্টার ও প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ৪৯ বছর বয়সী জশ কনোলি। তবে তার অতীত ছিল সম্পূর্ণ ভিন্ন। কৈশোরে বাবাকে হারানোর পর মানসিক আঘাত ও পরিচয়সংকটে ভুগতে থাকা জশ ফুটবল-সংশ্লিষ্ট সহিংস গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উগ্র ডানপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) স্লোগানও দিতে শুরু করেন।
আলোচনায় নিজের শরীরের উল্কি বা ট্যাটু দেখিয়ে জশ জানান, ১৯ বছর বয়সে তিনি নিজের ইংরেজ পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করতে ক্রুসেডার, সেন্ট জর্জের পতাকা এবং ‘প্রাউড টু বি’ লেখা ট্যাটু করিয়েছিলেন। তখন ক্রুসেডের প্রকৃত ইতিহাস সম্পর্কেও তার স্পষ্ট ধারণা ছিল না।
জশ বলেন, বর্তমানে এসব প্রতীকের সঙ্গে উগ্র ডানপন্থী রাজনীতির সম্পর্ক তৈরি হওয়ায় বিদেশে ছুটি কাটাতে গেলেও অনেকে তার ট্যাটু দেখে তাকে বর্ণবাদী মনোভাবের মানুষ বলে মনে করেন। অথচ তখন তিনি কেবল নিজের ইংরেজ পরিচয় নিয়ে গর্বিত ছিলেন।
ইমাম আদম কেলউইক বলেন, দেশপ্রেমের প্রতি তারও সমর্থন রয়েছে। তবে বর্তমানে অনেকেই যেটিকে দেশপ্রেম বলে প্রচার করছেন, তা প্রকৃত দেশপ্রেম থেকে ভিন্ন।
সেন্ট জর্জ প্রসঙ্গে তিনি বলেন, তিনি শুধু ইংল্যান্ডেরই পৃষ্ঠপোষক সাধু নন, ফিলিস্তিন ও জর্জিয়ার সঙ্গেও তার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ফলে অনেক মুসলমানের কাছেও সেন্ট জর্জ সম্মানিত।
আলোচনায় উঠে আসে ২০২৪ সালে সাউথপোর্টে তিন শিশুকে হত্যার ঘটনার পর সৃষ্ট সহিংস পরিস্থিতির কথাও। ওই হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীকে মুসলিম আশ্রয়প্রার্থী হিসেবে দাবি করা হয়েছিল। তবে পরে জানা যায়, সে মুসলিমও ছিল না, আশ্রয়প্রার্থীও ছিল না।
ওই ঘটনার পর লিভারপুলে আদম কেলউইকের মসজিদও উগ্র ডানপন্থীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কায় পড়ে।
আদম জানান, সাউথপোর্টের একটি মসজিদে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে থাকা ইমামসহ মুসল্লিরা প্রাণভয়ে সিঁড়ির নিচে আশ্রয় নিয়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, হামলাকারীরা মসজিদে ঢুকে তাদের হত্যা করতে পারে।
এরপর অনলাইনে প্রতিবাদের জন্য বিভিন্ন স্থানের একটি তালিকা ছড়িয়ে পড়ে। সেই তালিকায় ছিল লিভারপুলের আবদুল্লাহ কুইলিয়াম মসজিদও।
পরিস্থিতি সামাল দিতে আদম একটি ভিডিও বার্তায় প্রতিবাদকারীদের মসজিদে এসে আলোচনার আমন্ত্রণ জানান। তিনি বলেন, যারা মসজিদে আসবেন, তাদের অতিথি হিসেবে আপ্যায়ন করা হবে এবং খাবারের ব্যবস্থা করা হবে।
পুলিশ প্রথমে প্রতিবাদকারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেয়নি। তবে তিন ঘণ্টা পর আদমকে তাদের কাছে খাবার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ সময় সবচেয়ে বেশি চিৎকার করা এক প্রতিবাদকারীকে তিনি জড়িয়ে ধরেন।
আদম বলেন, কাউকে আলিঙ্গন করতে দুজন মানুষের প্রয়োজন হয়। অর্থাৎ ওই ব্যক্তির মধ্যেও আলিঙ্গন গ্রহণ করার মানসিকতা ছিল।
আলোচনায় আদম জানতে চান, আগে ফুটবল সমর্থকদের মধ্যে যে ধরনের সংঘর্ষ দেখা যেত, বর্তমানে তা কি উগ্র ডানপন্থীদের সঙ্গে অভিবাসী ও মুসলমানদের সংঘাতে রূপ নিয়েছে?
জবাবে জশ বলেন, বিষয়টি ঠিক এমনই। তার মতে, উগ্র ডানপন্থী নেতারা পরিকল্পিতভাবে বর্ণবাদী বক্তব্য ছড়ান। আর তার মতো ১৮ বা ১৯ বছর বয়সী অনেক তরুণ কোনো একটি পরিচয় ও আদর্শের সন্ধানে এসব গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে জশ বলেন, জটিল মানসিক আঘাত ও ব্যক্তিগত সংকটে থাকা মানুষ সহজ ব্যাখ্যা এবং কাউকে দায়ী করার সুযোগ খোঁজে। ফুটবলকেন্দ্রিক সহিংসতা অনেকের জন্য উগ্র ডানপন্থী আন্দোলনে প্রবেশের প্রাথমিক পথ হয়ে উঠতে পারে।
তিনি মনে করেন, বিষয়টি আসলে ফুটবল নিয়ে নয়; বরং সমাজের ভেতরে জমে থাকা ক্ষোভ ও হতাশার প্রতিফলন। মানুষ এসব সামাজিক পরিসরে এসে নিজেদের রাগ প্রকাশের সুযোগ খোঁজে।
দুই ব্যক্তি উগ্র ডানপন্থী গোষ্ঠীতে জড়িয়ে পড়া মানুষ এবং তাদের লক্ষ্যবস্তু হওয়া সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান মিল নিয়েও কথা বলেন।
জশ বলেন, বিষয়টি অনেকটা একটি অকার্যকর পরিবারের মতো, যেখানে শিশুরা নিজেদের সমস্যার জন্য একে অপরকে দায়ী করে।
আদমের মতে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা কমানো অনেকের ধারণার চেয়ে সহজ। কারণ, তাদের মধ্যে পারস্পরিক মিলের জায়গা অনেক বেশি।
আলোচনার শেষ পর্যায়ে আদমের দর্শন ‘মিট অ্যান্ড ইট’—অর্থাৎ দেখা করা ও একসঙ্গে খাবার খাওয়ার কথা উঠে আসে। তিনি জশকে টক্সটেথ এলাকার একটি কুর্দি রেস্তোরাঁয় কাবাব খাওয়ার আমন্ত্রণ জানান।
জশ বলেন, মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ তৈরি করাই একমাত্র সমাধান। আদমের সঙ্গে কিছু সময় কাটানোর পর তার মনে হয়েছে, নানা দিক থেকে তারা একই রকম।
আদম বলেন, মানুষ বিভাজন ও মেরুকরণের কথা বলে। কিন্তু ভিন্ন মতের মানুষের সঙ্গে সরাসরি কথা বলার সাহস দেখালে বোঝা যায়, যাকে শত্রু মনে করা হচ্ছে তার সঙ্গেও অনেক মিল রয়েছে।
তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ হাজার মানুষের সঙ্গে পরিচয়হীন যোগাযোগের চেয়ে একজন মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলা অনেক বেশি প্রভাব ফেলতে পারে।
জশও মনে করেন, এ ধরনের আলোচনা ও ব্যক্তিগত যোগাযোগের সুযোগ তৈরি করা গেলে উগ্র ডানপন্থী চিন্তায় প্রভাবিত অনেক মানুষকে নতুনভাবে ভাবতে উৎসাহিত করা সম্ভব।
সূত্রঃ মিরর
এমকে

