ব্রিটেনে পুরোনো গাড়ির মালিকদের জন্য বাড়ছে বার্ষিক যানবাহন কর বা ভেহিকল এক্সাইজ ডিউটি (ভিইডি)। ২০২৭ সালের এপ্রিল থেকে গাড়ির নির্গত দূষণের মাত্রা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে করের পরিমাণ বাড়বে। কোনো কোনো গাড়ির ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৮২৫ পাউন্ড পর্যন্ত কর দিতে হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বার্মিংহাম লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের আগে তৈরি গাড়িগুলোর ক্ষেত্রে কর নির্ধারণ করা হবে মূলত ইঞ্জিন থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইডের পরিমাণের ভিত্তিতে। ফলে একই বয়সের গাড়ি হলেও মডেল ও দূষণের মাত্রা অনুযায়ী মালিকদের করের পরিমাণে পার্থক্য থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে তৈরি গাড়িগুলোর জন্য বার্ষিক করের পরিমাণ ২০ থেকে ৮২৫ পাউন্ড পর্যন্ত হতে পারে। এসব গাড়ির কর নির্ধারণে এ থেকে এম পর্যন্ত বিভিন্ন ব্যান্ড রয়েছে। সাধারণত অধিকাংশ গাড়ি ই থেকে এইচ ব্যান্ডের মধ্যে পড়ে।
নতুন নির্ধারিত হারে, ২০২৭ সালের এপ্রিল থেকে ব্যান্ড জি-তে থাকা গাড়ির মালিকদের বছরে ২৯০ পাউন্ড, ব্যান্ড ই-তে ২১০ পাউন্ড এবং ব্যান্ড এইচ-তে ৩৪০ পাউন্ড কর দিতে হবে।
অন্যদিকে, ২০১৭ সালের ১ এপ্রিল বা তার পরে নিবন্ধিত পেট্রোল, ডিজেল ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বার্ষিক কর ২০০ পাউন্ড থেকে বেড়ে ২০৫ পাউন্ড হতে পারে।
ব্রিটেনের মোটরিং সংস্থা আরএসি জানিয়েছে, ২০২৭ সালের এপ্রিল থেকে গাড়ি, ভ্যান ও মোটরসাইকেলের ভিইডি কর খুচরা মূল্যসূচক বা আরপিআই অনুযায়ী বাড়ানো হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি কেনার সময় অনেকেই শুধু গাড়ির দাম ও জ্বালানি খরচ বিবেচনা করেন। কিন্তু পুরোনো গাড়ির ক্ষেত্রে নির্গত দূষণের মাত্রার ওপর নির্ভর করে বার্ষিক কর কয়েকশ পাউন্ড পর্যন্ত হতে পারে। তাই গাড়ি কেনার আগে সংশ্লিষ্ট করের ব্যান্ড ও বার্ষিক করের পরিমাণ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ বার্মিংহাম লাইভ
এমকে

