TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে গৃহহীনদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতিঃ তবু শীতে রাস্তায় রাত কাটাচ্ছেন হাজারো মানুষ

ইংল্যান্ডে গৃহহীন মানুষের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ক্রিসমাসের আগেই রাস্তায় রাত কাটানো সব মানুষকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তবে নতুন সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, এখনো হাজার হাজার গৃহহীন মানুষ স্থায়ীভাবে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার মতো কোনো সহায়তার প্রস্তাব পাননি। এ পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ আরও দ্রুত করার আহ্বান জানিয়েছে গৃহহীনদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থা শেল্টার।

ম্যানচেস্টার ইভনিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে গত সেপ্টেম্বর মাসে আনুমানিক ৯ হাজার ৩৬৯ জন মানুষ রাস্তায় রাত কাটিয়েছেন। পরবর্তী মাসে রাফ স্লিপিং প্রোগ্রামের আওতায় সরকারি অর্থায়ন পাওয়া এলাকাগুলোতে ৩ হাজার ২৭৬ জন গৃহহীন মানুষকে রাস্তা থেকে বেরিয়ে আসার জন্য অন্তত একটি সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের আবাসন, সম্প্রদায় ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের (এমএইচসিএলজি) তথ্য অনুযায়ী, এসব সহায়তার মধ্যে থাকার জায়গা কিংবা রাস্তায় থাকা বন্ধ করতে প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতাও রয়েছে।

শেল্টার বলেছে, ক্রিসমাসের মধ্যে সবাইকে রাস্তা থেকে সরিয়ে আনার লক্ষ্যে এটি একটি ভালো সূচনা। তবে এখনো প্রায় দুই-তৃতীয়াংশ গৃহহীন মানুষ থাকার জায়গার প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন। সংস্থাটির এক মুখপাত্র বলেন, শীতকালে রাস্তায় থাকা মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সরকারকে আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে কেউ রাস্তায় রাত কাটাতে বাধ্য না হন।

প্রধানমন্ত্রী হওয়ার দিনই অ্যান্ডি বার্নহাম প্রতিশ্রুতি দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদি গৃহহীনতার অবসান ঘটানো হবে। তিনি বলেন, বড়দিনের মধ্যে রাস্তায় থাকা মানুষদের আশ্রয় দেওয়ার বিষয়টি তার সরকারের অন্যতম অগ্রাধিকার।

নতুন পরিসংখ্যানকে প্রাথমিক অগ্রগতি হিসেবে উল্লেখ করে বার্নহাম স্বীকার করেছেন, প্রত্যেকেই প্রথম দেওয়া সহায়তার প্রস্তাব গ্রহণ করবেন না। তিনি বলেন, প্রত্যেকের জন্য থাকার জায়গা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা থাকবে। পাশাপাশি অভিজ্ঞ আউটরিচ টিমগুলো মানুষের উপযোগী সমাধান খুঁজে বের করতে কাজ চালিয়ে যাবে।

সরকারের রাফ স্লিপিং প্রোগ্রামের জন্য বাজেটে ৩৮২ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছিল। এই অর্থ পেয়েছে ২১৮টি স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১৭৮টি কর্তৃপক্ষ, অর্থাৎ ৮২ শতাংশ জানিয়েছে, ডিসেম্বরের ১ তারিখের মধ্যে রাস্তায় থাকা প্রত্যেক ব্যক্তিকে সহায়তার আওতায় আনার বিষয়ে তারা মোটামুটি বা যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে ৪০টি স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই লক্ষ্য অর্জন নিয়ে তারা আত্মবিশ্বাসী নয়। এর মধ্যে সাতটি কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্য পূরণে তারা একেবারেই আত্মবিশ্বাসী নয়।

এদিকে অক্টোবরের শেষ নাগাদ সরকারি কর্মসূচির আওতায় অর্থায়ন পাওয়া ১ হাজার ৯৬৬টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। তবে এসব শয্যার মাত্র এক-চতুর্থাংশে মানুষ অবস্থান করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

গৃহহীনতা মোকাবিলায় তিন বছরে মোট ৮৭৪ মিলিয়ন পাউন্ড অর্থায়নের ব্যবস্থা করেছে সরকার। করোনাভাইরাস মহামারির সময় চালু হওয়া ‘এভরিওয়ান ইন’ কর্মসূচির আদলে নতুন উদ্যোগটি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির মাধ্যমে ইংল্যান্ডের হাজার হাজার গৃহহীন মানুষকে সাময়িকভাবে ঘরের ভেতরে আশ্রয় দেওয়া হয়েছিল।

আবাসন মন্ত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, চলতি শীতের জন্য সরকার বড় প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতোমধ্যে অগ্রগতি দেখা যাচ্ছে। তবে এখনো অনেক কাজ বাকি। শুধু থাকার জায়গা বাড়ানোই যথেষ্ট নয়, মানুষের জীবন নতুন করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করতে হবে।

অন্যদিকে বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা ও ক্রসবেন্চ পিয়ার লর্ড জন বার্ড সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও শুধু সহায়তার প্রস্তাব দেওয়াকে সাফল্য হিসেবে বিবেচনা করতে নারাজ। তার মতে, কতজন গৃহহীন মানুষ প্রস্তাবিত আশ্রয় গ্রহণ করেছেন, সেই তথ্যও প্রকাশ করতে হবে।

তিনি বলেন, অপর্যাপ্ত আবাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে কেউ রাস্তায় থাকার সিদ্ধান্ত নিলে সেটিকে সাফল্য বলা যায় না। গৃহহীনতার পেছনে থাকা দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করতে হলে সরকারকে আরও স্বচ্ছ হতে হবে।

সরকারের পক্ষ থেকে বড়দিনের মধ্যে গৃহহীনতা মোকাবিলার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য আগামী বছরের শুরুতে প্রকাশিত হতে পারে। ২০২৬ সালের শরৎকালে এক রাতে ইংল্যান্ডে কত মানুষ রাস্তায় ঘুমিয়েছেন, তার নতুন পরিসংখ্যানও আগামী ফেব্রুয়ারিতে প্রকাশের কথা রয়েছে।

সূত্রঃ ম্যানচেস্টার ইভিনিং নিউজ

এমকে

আরো পড়ুন

ব্রিটিশ আটককেন্দ্রে নির্যাতন ও বর্ণবাদের শিকার অভিবাসীরা

যুক্তরাজ্যে বাড়ির মালিকদের জন্য কঠোর আইন আনতে যাচ্ছে সরকার

যুক্তরাজ্যের বার্মিংহামে প্রায় সব সড়কে ঘণ্টায় ২০ মাইল গতিসীমাঃ চালকদের মধ্যে তীব্র ক্ষোভ