14.7 C
London
October 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে নাতি-নাতনির যত্নে পেনশনে ৭ হাজার পাউন্ড সুবিধাঃ ৩১ অক্টোবর থেকে আবেদন

ব্রিটেনে কর্মজীবী বাবা-মায়ের অনুপস্থিতিতে নাতি-নাতনির দেখাশোনা করেন এমন দাদা-দাদি ও নানা-নানিদের জন্য রয়েছে বাড়তি রাষ্ট্রীয় পেনশন পাওয়ার সুযোগ। নির্দিষ্ট শর্ত পূরণ করে আবেদন করলে তারা ন্যাশনাল ইনস্যুরেন্স ক্রেডিট পেতে পারেন, যা ভবিষ্যতে স্টেট পেনশনের পরিমাণ বাড়াতে সহায়তা করবে। এতে অবসরজীবনের ২০ বছরে মোট প্রায় ৭ হাজার পাউন্ড পর্যন্ত অতিরিক্ত পেনশন সুবিধা পাওয়া সম্ভব।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের ছুটিতে কিংবা বছরের অন্য সময়ে ১২ বছরের কম বয়সী নাতি-নাতনির দেখাশোনা করা যোগ্য ব্যক্তিরা এই সুবিধার জন্য আবেদন করতে পারেন। বিশেষ করে কর্মজীবী বাবা-মাকে সন্তান দেখাশোনায় সহায়তা করার বিষয়টি এ ব্যবস্থার আওতায় বিবেচিত হয়।

এই সুবিধার আনুষ্ঠানিক নাম ‘স্পেসিফায়েড অ্যাডাল্ট চাইল্ডকেয়ার ক্রেডিটস’। এটি ন্যাশনাল ইনস্যুরেন্স ক্রেডিটের একটি বিশেষ ব্যবস্থা। এর মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণকারী দাদা-দাদি, নানা-নানি বা অন্য যোগ্য আত্মীয়ের পেনশনের জন্য প্রয়োজনীয় ন্যাশনাল ইনস্যুরেন্সের অবদান পূরণে সহায়তা করা হয়।

বর্তমানে ব্রিটেনে পূর্ণ রাষ্ট্রীয় পেনশন পেতে সাধারণত ৩৫ বছরের যোগ্য ন্যাশনাল ইনস্যুরেন্স অবদানের প্রয়োজন হয়। ২০২৬-২৭ করবর্ষে পূর্ণ স্টেট পেনশনের সাপ্তাহিক পরিমাণ ২৪১.৩০ পাউন্ড। ফলে পেনশনের যোগ্যতার জন্য প্রয়োজনীয় অবদানের বছর কম থাকলে এই ক্রেডিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাতি-নাতনি বা আত্মীয়ের সন্তানের দেখাশোনার জন্য যোগ্যতার শর্ত পূরণ করে প্রতি সপ্তাহে বা সপ্তাহের অংশবিশেষের ভিত্তিতে ক্রেডিট পাওয়া যেতে পারে। কোনো ব্যক্তির ন্যাশনাল ইনস্যুরেন্সের যোগ্যতার ঘাটতি পূরণে একটি অতিরিক্ত বছর যুক্ত হলে বছরে আনুমানিক ৩৫০ পাউন্ড পর্যন্ত পেনশন বাড়তে পারে। ২০ বছরের অবসরজীবনে এর মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ৭ হাজার পাউন্ডে।

এ সুবিধার জন্য ২০১১ সাল থেকে পেছনের সময়ের আবেদন করার সুযোগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট করবর্ষে শিশুর দেখাশোনা করার প্রমাণ এবং প্রয়োজনীয় যোগ্যতা পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

চলতি করবর্ষের জন্য আবেদন করতে আগ্রহীদের ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার পর আবেদন করার পরামর্শ দিয়েছে দ্য সান। আবেদনের জন্য শিশুর পাশাপাশি তার বাবা-মা বা অভিভাবকের যোগাযোগের তথ্য এবং কোন সময়ে শিশুর দেখাশোনা করা হয়েছে, তার রেকর্ড প্রয়োজন হবে।

এরপর সংশ্লিষ্ট অভিভাবকের স্বাক্ষরযুক্ত ঘোষণা সংগ্রহ করে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে অনলাইনে সিএ৯১৭৬ (CA9176) ফরম পূরণ করতে হবে।

তবে এই সুবিধা সবার জন্য স্বয়ংক্রিয় নয়। শিশুর বাবা-মায়ের কর্মসংস্থান, পরিচর্যার সময়কাল এবং আবেদনকারীর যোগ্যতার মতো বিষয় বিবেচনা করে ক্রেডিট দেওয়া হয়। তাই আবেদন করার আগে সরকারি নির্দেশিকা যাচাই করা জরুরি।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

মার্চ ২০২৫-এর পর প্রথমবার রিফর্মকে টপকে গিয়েছে লেবারঃ জনমত জরিপে বার্নহ্যামের উত্থান

প্রতিবন্ধীদের সহায়তার জন্য কেয়ারার ভাতা রিভিউ করতে যাচ্ছেন সুনাক

যুক্তরাজ্যে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং