18.4 C
London
October 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ব্লু ব্যাজ পাওয়ার যোগ্য ১৯ শ্রেণির মানুষঃ স্বয়ংক্রিয়ভাবে পাবেন ৬ শ্রেণি

যুক্তরাজ্যে প্রতিবন্ধী ও চলাফেরায় সমস্যায় থাকা মানুষের জন্য বিশেষ পার্কিং পারমিট ‘ব্লু ব্যাজ’ পাওয়ার সুযোগ রয়েছে ১৯ শ্রেণির মানুষের। এর মধ্যে ছয় শ্রেণির মানুষ নির্দিষ্ট শর্ত পূরণ করলে স্বয়ংক্রিয়ভাবে এই পারমিট পাওয়ার যোগ্য হন। অন্যদের ক্ষেত্রে ব্যক্তিগত শারীরিক ও মানসিক অবস্থা এবং চলাফেরার অসুবিধা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর ১১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্লু ব্যাজধারীরা নির্দিষ্ট প্রতিবন্ধী পার্কিং বে এবং কিছু সীমিত পার্কিং এলাকায় গাড়ি রাখার সুবিধা পান। নির্দিষ্ট শর্তে অনেক ক্ষেত্রে ডাবল ইয়েলো লাইনের ওপরও পার্কিং করা যায়। কিছু এলাকায় পার্কিং বিনা মূল্যে হতে পারে, তবে সব জায়গায় একই নিয়ম প্রযোজ্য নয়।

ব্লু ব্যাজ পাওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য ছয় শ্রেণির মধ্যে রয়েছেন, যারা প্রতিবন্ধী জীবনযাপন ভাতার (ডিএলএ) সর্বোচ্চ হারের চলাচল ভাতা পান; যারা পিআইপি ভাতায় চলাচল অংশে ৫০ মিটারের বেশি হাঁটতে না পারার জন্য অন্তত আট পয়েন্ট পেয়েছেন; এবং যারা নিবন্ধিত অন্ধ বা গুরুতর দৃষ্টিপ্রতিবন্ধী।

এ ছাড়া যুদ্ধকালীন পেনশনভোগীদের চলাচল ভাতা পাওয়া ব্যক্তি, সশস্ত্র বাহিনী ও রিজার্ভ বাহিনীর ক্ষতিপূরণ প্রকল্পের নির্ধারিত প্রথম থেকে অষ্টম স্তরের মধ্যে এককালীন সুবিধাপ্রাপ্ত এবং স্থায়ী প্রতিবন্ধকতার কারণে হাঁটতে অক্ষম বা অত্যন্ত অসুবিধার সম্মুখীন ব্যক্তি এই সুবিধার আওতায় আসতে পারেন।

ষষ্ঠ শ্রেণিতে রয়েছেন পিআইপির অনুসরণসংক্রান্ত মূল্যায়নে নির্দিষ্ট ‘ই’ শর্তে ১০ পয়েন্ট পাওয়া ব্যক্তিরা। এই শর্তে প্রমাণ করতে হয়, যেকোনো যাত্রা করলে তাদের অসহনীয় মানসিক চাপ সৃষ্টি হয়। তবে এই মূল্যায়নে অন্য স্কোর পাওয়া ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হবেন না। এমনকি ১২ পয়েন্ট পেলেও তাদের আবেদন আলাদাভাবে মূল্যায়ন করা হতে পারে।

যারা স্বয়ংক্রিয়ভাবে যোগ্য নন, তারাও বিভিন্ন কারণে ব্লু ব্যাজ পেতে পারেন। একেবারেই হাঁটতে না পারা, অন্যের সাহায্য বা চলাচলের সহায়ক যন্ত্র ছাড়া হাঁটতে না পারা কিংবা ব্যথা, শ্বাসকষ্ট ও হাঁটতে অতিরিক্ত সময় লাগার কারণে চলাফেরা কঠিন হলে আবেদন করা যায়। হাঁটাচলা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলেও আবেদনকারীর যোগ্যতা বিবেচনা করা হতে পারে।

জীবনসীমিত অসুস্থতার কারণে হাঁটতে অক্ষম বা অত্যন্ত অসুবিধায় থাকা এবং এসআর১ ফরম পাওয়া ব্যক্তিরাও যোগ্য হতে পারেন। দুই হাতের গুরুতর প্রতিবন্ধকতার কারণে পার্কিং মেশিন ব্যবহার করতে না পারলে নিয়মিত গাড়ি চালানো ব্যক্তির আবেদনও বিবেচনা করা হয়।

তিন বছরের কম বয়সী শিশুর এমন চিকিৎসাগত অবস্থা থাকলে, যার জন্য সব সময় বড় চিকিৎসা সরঞ্জাম সঙ্গে রাখা প্রয়োজন অথবা জরুরি চিকিৎসার জন্য শিশুকে গাড়ির কাছাকাছি রাখতে হয়, সেক্ষেত্রেও ব্লু ব্যাজের আবেদন করা যায়।

এ ছাড়া গাড়ির আশপাশে, যান চলাচলের এলাকায় বা পার্কিংয়ে নিজের কিংবা অন্যের নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করা, যাত্রা পরিকল্পনা বা অনুসরণে গুরুতর সমস্যা, নিজের আচরণ নিয়ন্ত্রণে অসুবিধা এবং জনসমাগমপূর্ণ বা খোলা জায়গায় তীব্র উদ্বেগ বা ভয়ের সমস্যাও যোগ্যতা নির্ধারণে বিবেচিত হতে পারে।

ইংল্যান্ডে ব্লু ব্যাজের জন্য সর্বোচ্চ ১০ পাউন্ড ফি নেওয়া যায়। স্কটল্যান্ডে সর্বোচ্চ ফি ২০ পাউন্ড, আর ওয়েলসে এটি বিনা মূল্যে দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ আবেদন যাচাই করে এবং নির্ধারিত সীমার মধ্যে ফি ঠিক করে।

সাধারণত ব্লু ব্যাজের মেয়াদ তিন বছর। মেয়াদ শেষ হলে নতুন করে আবেদন করতে হয়। মেয়াদোত্তীর্ণ ব্যাজ ব্যবহার করা অপরাধ; এ জন্য সর্বোচ্চ এক হাজার পাউন্ড জরিমানা হতে পারে। নতুন আবেদন মূল্যায়নে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যায়। উত্তর আয়ারল্যান্ডে আবেদনপ্রক্রিয়া আলাদা। আবেদন প্রত্যাখ্যান করা হলে এবং আবেদনকারী মনে করেন তার দেওয়া তথ্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি, তাহলে স্থানীয় কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো যায়।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অ্যান্ডি বার্নহামের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে জন হিলি

রানি হচ্ছেন ক্যামিলা

অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্যের প্রয়োজন ১ ট্রিলিয়ন পাউন্ডের বিনিয়োগ

নিউজ ডেস্ক