যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটনে ‘জাহাঙ্গীর রেস্টুরেন্ট’-এর মালিক শামীম মিয়ার বিরুদ্ধে তিন কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, বেতন-সংক্রান্ত অনিয়ম এবং তাদের বাসস্থান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করার পর মালিককে গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি করেছেন এক কর্মী। তবে তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগের মুখে থাকা তিন কর্মী হলেন মোহাম্মদ রুবেল মিয়া, ফয়েজ আহমেদ ও হাফিজ আহমেদ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে রেস্টুরেন্টটিতে কাজ করছিলেন।
স্থানীয় প্রবাসী কমিউনিটির কয়েকজনের অভিযোগ, কর্মীদের নিয়মিত বেতনপত্র বা পে-স্লিপ দেওয়া হতো না। এ ছাড়া তাদের প্রাপ্য বেতন এবং কর্মক্ষেত্রে আইনগত অধিকার নিয়ে মালিকের সঙ্গে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার নিজেদের পাওনা পারিশ্রমিক ও কর্মক্ষেত্রে অধিকার নিয়ে কথা বলাকে কেন্দ্র করে তিন কর্মীর সঙ্গে রেস্টুরেন্ট মালিকের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাদের রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার পাশাপাশি যে বাসস্থানে তারা থাকতেন, সেখান থেকেও চলে যেতে বলা হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে তিন কর্মী আবাসনসংকটে পড়েন বলে দাবি করা হয়েছে।
রেস্টুরেন্টের কর্মী রুবেল আহমদ বলেন, মালিক তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে খারাপ আচরণ করে আসছিলেন। গত শুক্রবার তারা পুলিশের কাছে অভিযোগ করেন এবং ওই দিনই শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ২৪ ঘণ্টা পর শামীম মিয়া জামিনে মুক্তি পান।
রুবেল আরও জানান, বর্তমানে তিনি পুলিশের পর্যবেক্ষণে রয়েছেন এবং নিজের অভিযোগের বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় সূত্রে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও, এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, অভিযোগের বিস্তারিত বিবরণ কিংবা মামলার বর্তমান অবস্থা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। একইভাবে বেতন-সংক্রান্ত অনিয়ম ও কর্মীদের বাসস্থান থেকে বের করে দেওয়ার অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে রেস্টুরেন্ট মালিক শামীম মিয়ার বক্তব্যও পাওয়া যায়নি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এমকে

