ব্রিটেনে ভবিষ্যতে আদালতের কিছু মামলার রায় দেওয়ার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হতে পারে। বিশেষ করে কম অর্থমূল্যের দেওয়ানি বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের উপপ্রধান বিচারপতি লর্ড সেলস।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লর্ড সেলস বলেন, এআই ব্যবহার করে আইনি পরামর্শ দেওয়া এবং আদালতে মামলা দায়েরের প্রবণতা বাড়ছে। এর ফলে আদালতগুলোতে মামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে আদালতকেও এআই প্রযুক্তির সহায়তা নিতে হতে পারে।
তিনি বলেন, কম অর্থমূল্যের দেওয়ানি বিরোধের ক্ষেত্রে ভবিষ্যতে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, বিশেষ করে মামলার দুই পক্ষ এতে সম্মত থাকলে।
২০১৯ সালে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া এই বিচারপতির মতে, এআই প্রযুক্তি বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে এবং মামলার নিষ্পত্তি দ্রুত করতে সহায়তা করতে পারে।
তবে বিচারব্যবস্থায় এআইয়ের ব্যবহার বাড়ার পাশাপাশি আইনজীবীদের দক্ষতা কমে যাওয়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন তিনি। বর্তমানে ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এর প্রভাব পড়ছে নতুন আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও।
লর্ড সেলস বলেন, আইনজীবী প্রতিষ্ঠানগুলো যদি খরচ কমাতে নবীন আইনজীবীদের দিয়ে করানো প্রাথমিক পর্যায়ের কাজ এআইয়ের মাধ্যমে সম্পন্ন করে, তাহলে দীর্ঘ মেয়াদে নিজেদের দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ হারাতে পারে।
তার ভাষায়, কোনো আইনজীবী প্রতিষ্ঠান চলতি বছরে উৎপাদনশীলতা বাড়াতে জুনিয়র আইনজীবীদের কাজ কমিয়ে দিতে পারে। কিন্তু এর ফলে পরবর্তী ১০ বছরে দক্ষ মানবসম্পদ তৈরি ও বিকাশের সক্ষমতা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
বিচারকদের ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি। যন্ত্র যদি ক্রমাগত বিচারকদের গবেষণা, তথ্য বিশ্লেষণ ও রায় লেখার কাজ করতে থাকে, তাহলে বিচারকদের নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
এআইয়ের সিদ্ধান্তের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই বিচারপতি। তার মতে, প্রযুক্তি সাধারণত নির্ভুলভাবে কাজ করে—এমন ধারণা থেকে মানুষ অনেক সময় যন্ত্রের দেওয়া সিদ্ধান্ত যাচাই না করেই গ্রহণ করতে পারে। একপর্যায়ে বিচারক বা আইনজীবী শুধু এআইয়ের সিদ্ধান্ত অনুমোদনকারী ব্যক্তিতে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ মেয়াদে সবচেয়ে বড় বিপদ হলো, এআই কোনো ভুল সিদ্ধান্ত দিলে সেটি শনাক্ত করার সক্ষমতাও মানুষের মধ্যে কমে যেতে পারে।
এ ছাড়া এআইয়ের অ্যালগরিদমে বিদ্যমান পক্ষপাত এবং প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তথ্যের সীমাবদ্ধতা বিচারব্যবস্থায় ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়াতে পারে। ফলে প্রযুক্তির ব্যবহার বাড়লেও মানুষের বিচার-বিশ্লেষণ ও চূড়ান্ত তদারকি বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

