যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রেইমেইন (ILR) পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। সরকারের প্রস্তাব অনুযায়ী, অধিকাংশ অভিবাসীর জন্য প্রচলিত পাঁচ বছরের পরিবর্তে ১০ বছরকে মূল যোগ্যতার সময়সীমা করা হবে। তবে অর্থনৈতিক অবদান, পেশা, ইংরেজি ভাষার দক্ষতা ও অন্যান্য নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এই সময় কমানোর সুযোগ থাকবে।
১৫ সেপ্টেম্বর ২০২৬ হোম অ্যাফেয়ার্স কমিটির সামনে দেওয়া মৌখিক সাক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, সরকার ILR-এর পরিবর্তনগুলো খুব শিগগির ঘোষণা করবে। তিনি জানান, ২০২৫ সালের ইমিগ্রেশন হোয়াইট পেপারে পাঁচ বছর থেকে ১০ বছরের পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছিল এবং পরে ‘আর্নড সেটেলমেন্ট’ নিয়ে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।
সরকারের প্রস্তাবিত ব্যবস্থায় নির্দিষ্ট সময় যুক্তরাজ্যে বসবাস করলেই স্বয়ংক্রিয়ভাবে সেটেলমেন্ট পাওয়ার পরিবর্তে আবেদনকারীর চরিত্র, একীভূত হওয়া, অর্থনৈতিক ও সামাজিক অবদান এবং বৈধভাবে বসবাসের ইতিহাস বিবেচনা করা হবে।
প্রস্তাবিত কাঠামোর মূল ভিত্তি হবে ১০ বছরের সময়সীমা। তবে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে এই সময় কমতে পারে। সরকারের প্রস্তাব অনুযায়ী, গত তিন বছর ধরে বছরে ১ লাখ ২৫ হাজার ১৪০ পাউন্ডের বেশি করযোগ্য আয় থাকলে সাত বছর পর্যন্ত সময় কমানোর সুযোগ থাকতে পারে। সে ক্ষেত্রে ১০ বছরের মূল সময়সীমা কমে তিন বছর হতে পারে।
অন্যদিকে, গত তিন বছর ধরে বছরে ৫০ হাজার ২৭০ পাউন্ডের বেশি করযোগ্য আয় থাকলে পাঁচ বছর পর্যন্ত সময় কমানোর প্রস্তাব রয়েছে। নির্দিষ্ট উচ্চদক্ষ সরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষা পেশায় পাঁচ বছর কাজ করলেও পাঁচ বছর পর্যন্ত ছাড়ের প্রস্তাব রয়েছে।
ইংরেজি ভাষার দক্ষতাও নতুন কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। সেটেলমেন্টের জন্য ন্যূনতম CEFR B2 স্তরের ইংরেজি দক্ষতা এবং Life in the UK Test পাস করার প্রস্তাব রয়েছে। কেউ C1 স্তরের ইংরেজি দক্ষতা প্রমাণ করতে পারলে আরও এক বছর সময় কমানোর প্রস্তাব করা হয়েছে।
অর্থনৈতিক অবদানের ক্ষেত্রেও একটি ন্যূনতম শর্ত প্রস্তাব করা হয়েছে। আবেদনকারীকে কমপক্ষে তিন থেকে পাঁচ বছর বছরে ১২ হাজার ৫৭০ পাউন্ডের বেশি আয় করে কর ও জাতীয় বীমা ব্যবস্থায় অবদান রাখার প্রমাণ দিতে হতে পারে। এই সময়সীমা নিয়ে পরামর্শ নেওয়া হয়েছিল।
অন্যদিকে কিছু পরিস্থিতিতে ILR-এর সময় আরও দীর্ঘ হতে পারে। সরকারের প্রস্তাবে ১২ মাসের কম সময় সরকারি সুবিধা গ্রহণ করলে পাঁচ বছর এবং ১২ মাসের বেশি সরকারি সুবিধা গ্রহণ করলে ১০ বছর পর্যন্ত অতিরিক্ত সময় যোগ করার কথা রয়েছে।
অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ, ভিজিট ভিসায় প্রবেশ অথবা ছয় মাস বা তার বেশি সময় ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার মতো বিষয়গুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত অতিরিক্ত সময় যোগ করার প্রস্তাব রয়েছে।
ব্রিটিশ নাগরিকের নির্দিষ্ট পরিবারভিত্তিক ভিসাধারী এবং হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল (ওভারসিজ) রুটের কিছু আবেদনকারীর জন্য পাঁচ বছর পর্যন্ত সময় কমানোর প্রস্তাবও রয়েছে। কমিউনিটিতে স্বেচ্ছাসেবামূলক কাজের ক্ষেত্রেও তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ছাড়ের প্রস্তাব করা হয়েছে।
তবে প্রস্তাবিত পরিবর্তন এখনো চূড়ান্ত কার্যকর নিয়মে পরিণত হয়নি। হোম অ্যাফেয়ার্স কমিটি ২০২৬ সালের মার্চে সরকারের প্রস্তাব নিয়ে নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে এবং পরবর্তী নীতিনির্ধারণে বিভিন্ন বিষয়ে সুপারিশ দেয়।
বর্তমান পরিস্থিতিতে তাই পাঁচ বছরের ILR রুট কখন এবং কীভাবে পরিবর্তিত হবে, কোন আবেদনকারীদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং বর্তমানে যুক্তরাজ্যে থাকা ভিসাধারীদের জন্য কোনো ট্রানজিশনাল ব্যবস্থা বা সুরক্ষা থাকবে কি না—এসব বিষয়ে সরকারের চূড়ান্ত ঘোষণা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হোম সেক্রেটারি জানিয়েছেন, পরিবর্তনের বিষয়ে সরকার শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবে।
সূত্রঃ যুক্তরাজ্য সরকারের হোম অফিস, ইউকে পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স কমিটি এবং ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর শাবানা মাহমুদের মৌখিক সাক্ষ্য।
এমকে

