যুক্তরাজ্যের বিরকেনহেডে একটি পরিবারের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় পাঁচ বছরের এক শিশুকে হত্যার হুমকি দেওয়া এবং তার মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করার অভিযোগে ২৯ বছর বয়সী হানিফ চৌধুরীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২২ সালের ২৫ জানুয়ারি বরো রোডের একটি ফ্ল্যাটে ওই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় শিশুটির মায়ের গলায় ছুরি ধরে রাখা হয়। একই সঙ্গে তার বাবার হাত একটি গরম রেডিয়েটরের ওপর চেপে ধরে সেটি কেটে ফেলার হুমকি দেওয়া হয়।
ভয়াবহ ওই পরিস্থিতিতে মাত্র পাঁচ বছরের শিশুটি ডাকাতদের কাছে কাকুতি-মিনতি করে তার মা-বাবাকে আঘাত না করার অনুরোধ করে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শিশুটি বারবার তার মা-বাবাকে রক্ষা করার জন্য ডাকাতদের কাছে আবেদন করছিল।
প্রায় আধা ঘণ্টা ধরে পরিবারের সদস্যদের আতঙ্কের মধ্যে রেখে ফ্ল্যাটটি তছনছ করে ডাকাতরা। পরে তারা প্রায় ৬ হাজার পাউন্ড মূল্যের নগদ অর্থ ও গয়না নিয়ে পালিয়ে যায়।
আদালতে আরও জানানো হয়, ডাকাতির ঘটনাটি আকস্মিক ছিল না; বরং আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। মামলার অন্যতম অভিযুক্ত হানিফ চৌধুরী ডাকাতির কয়েক দিন আগে ওই বাড়িতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী সেজে উপস্থিত হয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, ভুয়া পরিচয়ে বাড়ির দরজায় গিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর পাশাপাশি বাড়িটি পর্যবেক্ষণ করেন। এর আগে-পরে তাকে ওই এলাকার আশপাশে একাধিকবার দেখা গিয়েছিল বলেও আদালতে জানানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেরি ব্যাক্সটার বলেন, ডাকাতির পরিকল্পনার অংশ হিসেবে অভিযুক্ত ব্যক্তি শুধু ওই এলাকা কয়েকবার পর্যবেক্ষণই করেননি, তিনি নিজেই গ্যাস প্রতিষ্ঠানের কর্মীর পরিচয় ব্যবহার করে পরিবারের বাড়ির দরজায় গিয়েছিলেন।
পুলিশের তদন্তে চৌধুরীর বিরুদ্ধে ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে বিচারের মুখোমুখি করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগীকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুক্রবার লিভারপুলের আদালতে হানিফ চৌধুরীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞামূলক আদেশও জারি করা হয়েছে।
আদালতে মামলার বিবরণ প্রকাশের পর ঘটনাটি নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভুয়া পরিচয় ব্যবহার করে আগে একটি বাড়ি পর্যবেক্ষণ করা এবং পরে সেখানে প্রবেশ করে শিশু ও তার মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত অপর দুই ব্যক্তির সন্ধান এখনো চলছে। ফলে মামলার তদন্ত পুরোপুরি শেষ হয়নি।
আদালতের রায়ে অভিযুক্ত হানিফ চৌধুরীর ১৪ বছরের কারাদণ্ড হলেও ঘটনায় জড়িত অপর দুই সহযোগী এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্রঃ মিরর
এম.কে

