TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বিদেশি কর্মী নিয়োগে বেতনের শর্ত শিথিলঃ ২০২৭ সাল থেকে বাড়বে সুযোগ

বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে বেতনের শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। নতুন নিয়ম কার্যকর হলে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান তুলনামূলক কম বেতনে আন্তর্জাতিক কর্মী নিয়োগের সুযোগ পাবে। এতে বিদেশি কর্মীদের জন্য যুক্তরাজ্যের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়তে পারে।

বর্তমান নিয়ম অনুযায়ী, স্কিলড ওয়ার্কার ভিসায় বিদেশি কর্মী নিয়োগ করতে হলে সংশ্লিষ্ট পেশার মধ্যম বেতন বা ৫০তম পার্সেন্টাইল অনুযায়ী বেতন দিতে হয়। ফলে অনেক ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে তুলনামূলক বেশি বেতন দিতে হচ্ছে।

তবে ২০২৭ সাল থেকে এই নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে সরকার। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট পেশার বেতনের ৫০তম পার্সেন্টাইলের পরিবর্তে ২৫তম পার্সেন্টাইল অনুযায়ী বেতন দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ কোনো পেশায় প্রচলিত বেতনের তুলনায় অপেক্ষাকৃত কম বেতনেও বিদেশি কর্মী নিয়োগ করা সম্ভব হবে।

সরকারের এই উদ্যোগের ফলে ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক কর্মী নিয়োগের ব্যয় কমতে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চ বেতনের কারণে সমস্যায় পড়ে, তারা নতুন নিয়মে সুবিধা পেতে পারে।

তবে নতুন নিয়মে নিয়োগদাতারা ইচ্ছামতো কম বেতন দিতে পারবেন না। সংশ্লিষ্ট পেশার ২৫তম পার্সেন্টাইলের বেতন এবং সরকারের নির্ধারিত সাধারণ ন্যূনতম বেতনের মধ্যে যেটি বেশি, সেটি পরিশোধ করতে হবে। পাশাপাশি অন্যান্য ভিসা-সংক্রান্ত যোগ্যতার শর্তও বহাল থাকবে।

২০২৭ সালে পরিবর্তনটি কার্যকর হলে যুক্তরাজ্যের স্কিলড ওয়ার্কার ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এতে বিদেশি দক্ষ কর্মীদের পাশাপাশি ব্রিটিশ নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন সুযোগ তৈরি হতে পারে।

সূত্রঃ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের বাজেট ২০২৬ ঘোষণা এবং মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির (এমএসি) পর্যালোচনা

এমকে

আরো পড়ুন

রাশিয়ায় প্লেগ আতঙ্কঃ যুক্তরাজ্যে ঝুঁকি নিয়ে ইউকেএইচএসএ’র বড় সতর্কবার্তা

যুক্তরাজ্যে ইসলামপন্থীদের নামে ইমেইলে স্কুলে বোমা মারার হুমকিঃ তদন্তে যুক্তরাজ্যের পুলিশ

সাবিনা নেছার জানাজা শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে