14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মর্টগেজের গড় সুদ ৬ শতাংশেঃ ঋণগ্রহীতাদের জন্য বড় ধাক্কা

যুক্তরাজ্যে বাড়ি কেনার মর্টগেজের সুদের হার আবারও বেড়েছে। বাজারে পাঁচ বছরের নির্দিষ্ট সুদের গড় হার প্রথমবারের মতো ৬ শতাংশে পৌঁছেছে। আর্থিক তথ্যভিত্তিক প্রতিষ্ঠান মানিফ্যাক্টসের তথ্য অনুযায়ী, সোমবার সকালে গড় পাঁচ বছরের আবাসিক মর্টগেজের হার ছিল ৬ শতাংশ, যা আগের শুক্রবার ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরের গড় মর্টগেজ রেট ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ওই সময় হার ছিল ৬ দশমিক ০৩ শতাংশ। একই সময়ে দুই বছরের নির্দিষ্ট সুদের গড় হারও ৬ শতাংশের কাছাকাছি, যা ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মর্টগেজের সুদের হার বাড়ার পেছনে ঋণদাতাদের মূল্য নির্ধারণে ব্যবহৃত সোয়াপ রেট বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। মানিফ্যাক্টসের তথ্য বলছে, সেপ্টেম্বরের শুরুতে ৫ শতাংশের নিচে নির্দিষ্ট সুদের মর্টগেজ চুক্তির সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৪৯৪টি। সোমবার তা কমে মাত্র ৯টিতে নেমে এসেছে।

উত্তর আয়ারল্যান্ডে শুধুমাত্র পাওয়া যায়—এমন চুক্তি হিসাবের বাইরে রাখলে এই সংখ্যা মাত্র ৯টি। উত্তর আয়ারল্যান্ডের চুক্তিগুলোও ধরলে ৫ শতাংশের নিচে নির্দিষ্ট সুদের মর্টগেজের সংখ্যা দাঁড়ায় ১০৭টি। সেপ্টেম্বরের শুরুতে এই সংখ্যা ছিল ১ হাজার ৬৯১টি।

মানিফ্যাক্টসের অর্থনীতি বিশেষজ্ঞ র‍্যাচেল স্প্রিংঅল বলেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহে সোয়াপ রেটের অস্থিরতার কারণে বড় ঋণদাতাদের সুদের হার নির্ধারণে চাপ তৈরি হয়েছে। সরকারি বন্ডের সুদ বৃদ্ধির কারণে পাইকারি ঋণের খরচ বাড়ায় নির্দিষ্ট সুদের হার সমন্বয় করা প্রায় অনিবার্য হয়ে উঠেছে বলেও তিনি জানান।

এদিকে আগস্টে যুক্তরাজ্যে নতুন বাড়ি কেনার জন্য মর্টগেজের অনুমোদন ৩২ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। ব্যাংক অব ইংল্যান্ডের তথ্য অনুযায়ী, ওই মাসে নতুন বাড়ি কেনার জন্য মাত্র ৫৪ হাজার ৯১৮টি মর্টগেজ অনুমোদন করা হয়, যা ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এস্টেট এজেন্টসের প্রেসিডেন্ট ইয়ান হ্যারিস বলেন, মর্টগেজের সুদের হারের পরিবর্তনের প্রতি ক্রেতারা অত্যন্ত সংবেদনশীল। ৫ শতাংশের নিচের চুক্তিগুলো দ্রুত কমে যাওয়ায় বাড়ি কেনার সামর্থ্যের ওপর আরও চাপ তৈরি হবে।

মর্টগেজ বিশেষজ্ঞ সারাহ টাকার বলেন, গড় পাঁচ বছরের মর্টগেজের হার ৬ শতাংশে পৌঁছানো ঋণগ্রহীতাদের জন্য বড় ধাক্কা। বিশেষ করে যারা কম সুদের পুরোনো নির্দিষ্ট মেয়াদের চুক্তি থেকে বেরিয়ে আসছেন, তাদের ওপর বাড়তি চাপ পড়তে পারে।

তিনি সতর্ক করে বলেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সুদের হার আবার কমে আসবে—এমন আশায় বসে থাকাও ঠিক হবে না। যাদের বর্তমান মর্টগেজ চুক্তির মেয়াদ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে, তাদের এখন থেকেই বিকল্পগুলো খুঁজে দেখা উচিত।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

উত্তর সাগরের তেল-গ্যাস নিয়ে বড় পরীক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

টিউলিপকে এবার ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি