18.9 C
London
May 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাজা চার্লসকে ‘মৃত’ ঘোষণা করল ব্রিটিশ রেডিও স্টেশন, পরে ক্ষমা প্রার্থনা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ‘মৃত্যুর’ ঘোষণা দিয়েছে ব্রিটিশ একটি রেডিও স্টেশন। ভুলবশত দেয়া এই ঘোষণায় বিপাকে পড়েছে তারা। প্রযুক্তিগত ত্রুটির কারণে সম্প্রচারিত ওই ঘোষণার পর দ্রুত ক্ষমাও চেয়েছে রেডিও ক্যারোলাইন নামের ওই স্টেশনটি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ব্রিটেনের সাবেক পাইরেট রেডিও স্টেশন ‘রেডিও ক্যারোলাইন’ ভুল করে রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর ঘোষণা দেয়ার পর বুধবার (২০ মে) ক্ষমা চেয়েছে। স্টেশনটি জানিয়েছে, ‘এতে কারও মনে কষ্ট বা উদ্বেগ তৈরি হয়ে থাকলে আমরা দুঃখিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে রেডিও ক্যারোলাইন জানায়, গত মঙ্গলবার বিকেলে ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় এসেক্সের ম্যালডনে অবস্থিত তাদের প্রধান স্টুডিওতে কম্পিউটার ত্রুটির কারণে ভুলবশত এই ঘোষণা সম্প্রচারিত হয়।

স্টেশনটির ব্যবস্থাপক পিটার মুর বলেন, এই প্রযুক্তিগত ত্রুটির কারণে ‘রাজা বা রানির মৃত্যু হলে যে বিশেষ সম্প্রচার পদ্ধতি চালু করা হয়’, সেটি সক্রিয় হয়ে যায়। তিনি ফেসবুকে লেখেন, ‘এরপর নিয়ম অনুযায়ী রেডিও ক্যারোলাইনের সম্প্রচার বন্ধ হয়ে যায়। তখনই আমরা বিষয়টি বুঝতে পেরে আবার সম্প্রচার চালু করি এবং অন-এয়ার ক্ষমা প্রার্থনা করি।’

পিটার মুর আরও বলেন, ‘আমরা অতীতে মহামান্য রানি এবং এখন রাজার বড়দিনের বার্তা সম্প্রচার করতে পেরে গর্বিত। আশা করি, আরও বহু বছর তা করতে পারব’। তিনি আরও বলেন, ‘এই ঘটনায় মহামান্য রাজা এবং আমাদের শ্রোতাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

সংবাদমাধ্যম বলছে, এই ঘটনা এমন সময়ে ঘটল যখন রাজা চার্লস ও রানি ক্যামিলা উত্তর আয়ারল্যান্ড সফরে ছিলেন। সেখানে তারা একটি আইরিশ লোকসংগীত দলের পরিবেশনায় অংশ নিয়েছিলেন। অবশ্য ভুলটি কতক্ষণ পরে ধরা পড়ে তা রেডিও স্টেশনটি জানায়নি।

তবে ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বুধবার বিকেলে স্টেশনটির ওয়েবসাইটে মঙ্গলবার দুপুর ১টা ৫৮ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্প্রচারের রেকর্ড পাওয়া যায়নি। ১৯৬৪ সালে বিবিসির একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রতিষ্ঠিত হয়েছিল রেডিও ক্যারোলাইন।

শুরুর দিকে এটি ইংল্যান্ড উপকূলের বাইরে জাহাজ থেকে সম্প্রচার চালাত। ১৯৬৭ সালে নতুন আইন চালুর পর অনেক পাইরেট রেডিও বন্ধ হয়ে গেলেও রেডিও ক্যারোলাইন মাঝেমধ্যে সম্প্রচার চালিয়ে যায়। পরে ১৯৯০ সালে তাদের সমুদ্রভিত্তিক সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়।

সূত্রঃ এপি

এম.কে

আরো পড়ুন

অনলাইন ব্যবসাও আসছে যুক্তরাজ্য সরকারের নজরদারিতে

ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়েছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বর্ণবাদী মন্তব্য ও গাঁজা রাখার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার