সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২২ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, বিজেপির একজন বিধায়কসহ কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্রের বরাতে টিভি৯বাংলা জানিয়েছে, পেট্রাপোল সীমান্তে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ এবং সমবায় দফতরের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এ ছাড়া আরও কয়েকজন রাজনৈতিক নেতা কর্মসূচিতে যোগ দেন।
সমাবেশে স্বপন মজুমদার চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘদিনের কারাবাস ও তার বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগেরও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান।
মন্ত্রী অশোক কীর্তনীয়াও শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।
এদিকে, একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তনের পথ ও সীমান্তসংযোগ ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতেই তাদের এই সফর।
প্রতিবেদনগুলোতে সফরকারী প্রতিনিধিদলের সদস্য হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম উল্লেখ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, প্রতিনিধিদলটি ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তসহ বিকল্প সীমান্তপথগুলোও পরিদর্শন করতে পারে। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তের সংযোগকারী পথ পরিদর্শনের পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পেট্রাপোল সীমান্তে সমাবেশ এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের খবর প্রকাশের পর সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি বাড়ায় বিজিবি। বেনাপোল চেকপোস্ট, প্রধান ফটক এবং আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান তিনি।
সূত্রঃ মানিকন্ট্রোল
এমকে

