TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনার সঙ্গে ‘৪০ বিমান’ নিয়ে দেশে ফেরার ঘোষণা আনোয়ারুজ্জামানেরঃ সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪০টিরও বেশি চার্টার্ড বিমান নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ফেইসবুকে বক্তব্যটির ভিডিও ছড়িয়ে পড়ার পর অসংখ্য ব্যবহারকারী এটি নিয়ে হাস্যরস, ব্যঙ্গ এবং সমালোচনামূলক মন্তব্য করেছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শুধু তিনি নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।

এরই পরিপ্রেক্ষিতে লন্ডনে অবস্থানরত আনোয়ারুজ্জামান চৌধুরী এক বক্তব্যে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে যুক্তরাজ্য থেকে ১০টি চার্টার্ড বিমানে নেতাকর্মীরা যাবেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আওয়ামী লীগের সমর্থকেরা যোগ দেবেন। তার ভাষায়, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে হয়তো ৪০টিরও বেশি বিমান একসঙ্গে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।”

তিনি আরও দাবি করেন, দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করা হলে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্তর্জাতিক পরিসরে প্রতিবাদ গড়ে তুলবেন এবং বর্তমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের সহযোগীদের বিদেশ সফরের বিরুদ্ধেও অবস্থান নেবেন।

আনোয়ারুজ্জামান বলেন, শেখ হাসিনা তার ঘোষণা বাস্তবায়ন করবেন বলেই তিনি বিশ্বাস করেন। তার বক্তব্যে তিনি শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে বলেন, “তিনি যা বলেন, তা করেন।”

তবে বক্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ৪০টি বিমান একসঙ্গে ঢাকায় অবতরণের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন। একজন মন্তব্য করেন, “এতগুলো বিমান একসঙ্গে ল্যান্ড করবে কোথায়?” আরেকজন লেখেন, “বাসের কথা বলতে গিয়ে আবেগে বিমানের কথা বলে ফেলেছেন।”

আরও একজন রসিকতা করে লেখেন, “৪০টি বিমান রাখার জন্য মনে হয় আলাদা বিমানবন্দর বানাতে হবে।” আরেকজন প্রশ্ন তোলেন, “বিমান কি বরিশালের লঞ্চ?”

আওয়ামী লীগ সরকারের পতনের পর আনোয়ারুজ্জামানের বিদেশে চলে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে একজন মন্তব্য করেন, “দেশ ছাড়লেন কেন?” আরেকজন লেখেন, “কে যেন বলেছিল পালাবে না।”

কিছু ব্যবহারকারী আবার সাধারণ মানুষকে সতর্ক করে মন্তব্য করেন, রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, নেতারা বিদেশে নিরাপদে থাকলেও সাধারণ মানুষকে ঝুঁকিতে পড়তে হতে পারে।

আনোয়ারুজ্জামানের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেলেও, সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ৪০টিরও বেশি বিমান একসঙ্গে ঢাকায় অবতরণের দাবিটি, যা নিয়ে এখনও ফেইসবুকে নানা ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য ও হাস্যরস অব্যাহত রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

উত্তরার বিজিবি মার্কেটে আগুন

গডফাদার বদিতে মুগ্ধ ছিলেন শেখ হাসিনা

জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন-টিউশন ফি মওকুফ