TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়ামই শেষ কথা নয়, অল্প নড়াচড়াতেও মিলবে বড় স্বাস্থ্যসুবিধাঃ যুক্তরাজ্যের নতুন নির্দেশিকা

সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়ামের সুপারিশ বহাল থাকলেও এটিকে আর একমাত্র মানদণ্ড হিসেবে দেখছে না যুক্তরাজ্য। দেশটির নতুন শারীরিক কার্যক্রম নির্দেশিকায় বলা হয়েছে, দৈনন্দিন জীবনের ছোট ছোট নড়াচড়াও শরীর ও মনের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিঁড়ি ব্যবহার করা, হেঁটে বাজারে যাওয়া, ঘরের কাজ করা কিংবা বাগান পরিচর্যার মতো সাধারণ কাজও স্বাস্থ্য উন্নয়নে কার্যকর হতে পারে।

যুক্তরাজ্যের চার প্রধান চিকিৎসা কর্মকর্তা প্রকাশিত হালনাগাদ নির্দেশিকায় আগের মতোই সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার অথবা ৭৫ মিনিট উচ্চমাত্রার শারীরিক কার্যক্রমের পরামর্শ পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, ১৫০ মিনিট কোনো চূড়ান্ত সীমা নয়; বরং একেবারে নিষ্ক্রিয় থাকার চেয়ে অল্প সময়ের শারীরিক কার্যক্রমও উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকার বয়ে আনে।

নির্দেশিকায় বলা হয়েছে, মানুষের লক্ষ্য হওয়া উচিত নিয়মিত নড়াচড়াকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। দীর্ঘ সময় ধরে একটানা ব্যায়াম করার প্রয়োজন নেই। নাচ, খেলাধুলা, বাগান করা, ঘরের কাজ কিংবা শিশুদের সঙ্গে সক্রিয় সময় কাটানোও শারীরিক কার্যক্রমের অন্তর্ভুক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, “যদি শারীরিক কার্যক্রম একটি ওষুধ হতো, তাহলে এটিকে অলৌকিক ওষুধ বলা হতো। কারণ এটি অসংখ্য রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখে।”

নতুন নির্দেশিকায় ওজন কমানোর জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহারকারীদের জন্যও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। পেশি ক্ষয় রোধে তাদের নিয়মিত পেশি শক্তিশালী করার ব্যায়াম বা রেজিস্ট্যান্স ট্রেনিং করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বয়স্ক ব্যক্তিদের জন্য পেশির শক্তি, ভারসাম্য ও নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম সপ্তাহে অন্তত দুই দিন করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে দুর্বলতা, পড়ে যাওয়া এবং স্বাধীনভাবে চলাফেরার সক্ষমতা হারানোর ঝুঁকি কমবে বলে উল্লেখ করা হয়েছে।

শিশুদের ক্ষেত্রেও বয়সভিত্তিক সুপারিশ হালনাগাদ করা হয়েছে। হাঁটতে শেখার আগের শিশুদের দিনে কয়েকবার সক্রিয় রাখার পাশাপাশি হামাগুড়ি, গড়াগড়ি ও উপুড় হয়ে থাকার সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রাক-প্রাথমিক শিশুদের প্রতিদিন অন্তত ১৮০ মিনিট বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে স্কুলপড়ুয়া শিশু ও কিশোর-কিশোরীদের প্রতিদিন গড়ে অন্তত ৬০ মিনিট মাঝারি থেকে উচ্চমাত্রার শারীরিক কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।

প্রাপ্তবয়স্কদের প্রতিদিন কিছু না কিছু শারীরিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি সপ্তাহে অন্তত দুই দিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, “কিছু করা, কিছুই না করার চেয়ে অনেক ভালো।”

চার প্রধান চিকিৎসা কর্মকর্তা আরও সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় একটানা বসে থাকা বা নিষ্ক্রিয় থাকা হৃদরোগ, ক্যানসার এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। এমনকি যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রেও দীর্ঘক্ষণ বসে থাকা ক্ষতিকর হতে পারে। তাই সব বয়সের মানুষেরই দীর্ঘ সময় বসে থাকা এড়িয়ে মাঝেমধ্যে উঠে হাঁটা বা হালকা নড়াচড়া করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ নতুন তথ্যচিত্র, প্রচারসামগ্রী ও সচেতনতামূলক উপকরণ প্রকাশ করেছে। এসবের মাধ্যমে স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে জনগণের মধ্যে নিয়মিত শারীরিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতে উৎসাহিত করা হবে।

জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী বলেন, শারীরিকভাবে সক্রিয় থাকা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি। তার ভাষায়, স্কুলে হেঁটে যাওয়া, পার্কে খেলাধুলা, সিঁড়ি ব্যবহার করা কিংবা বাড়িতে সক্রিয় থাকা—এসব ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ পালস টু’ডে

এম.কে

আরো পড়ুন

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের সুপারমার্কেটে অস্বাস্থ্যকর স্ন্যাকসে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

ব্রিটেনে অভিবাসন ইস্যুতে তীব্র বিতর্কঃ ‘বোরিসওয়েভ’ নিয়ে কড়া অবস্থানে নাইজেল ফারাজ